নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: ভুয়ো ভোটার কার্ড নিয়ে আজ, রবিবার থেকে বুথে বুথে স্ক্রুটিনি শুরু করছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ইতিমধ্যে একই এপিক নম্বরে দুই ব্যক্তির কার্ডের হদিশ মিলেছে মুর্শিদাবাদের রানিনগরে, যা নিয়ে হইচই শুরু হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ড খতিয়ে দেখবেন জনপ্রতিনিধি ও তৃণমূল কর্মীরা। ব্লক ও টাউনে ইতিমধ্যে নতুন সংশোধিত ভোটার তালিকা সংগ্রহ করেছে দলীয় নেতারা। কীভাবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ড খতিয়ে দেখে রিপোর্ট তৈরি করবেন দলের নেতা কর্মীরা, তা নিয়ে শনিবার বৈঠক করেন জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার। এই স্ক্রুটিনি প্রক্রিয়ার মাধ্যমে জনসংযোগ ঝালিয়ে নেওয়া যাবে বলে মনে করছে শাসকদল।
Advertisement
অপূর্ববাবু বলেন, এপিক নম্বর ভুল থাকা ব্যক্তির নাম যাতে না ওঠে, বাড়ি বাড়ি গিয়ে স্ক্রুটিনি করা হচ্ছে। সেই সঙ্গে কোনও ভুয়ো ভোটারের নাম যাতে তালিকায় না থাকে, সেটাও দেখা হচ্ছে। রবিবার থেকেই মাঠে আমরা থাকব। তিনি আরও বলেন, ১০দিনের মধ্যে সমস্ত কাজ শেষ করতে হবে। রমজান মাস শুরু হচ্ছে। স্বাভাবিকভাবে আগামী পাঁচদিনের মধ্যে মুর্শিদাবাদের প্রতিটি বুথে আমরা ঘুরে নেওয়ার চেষ্টা করব। একদিনে গোটা বুথ ঘোরা সম্ভব হয় না। যখনই কর্মীরা বাড়ি যাবেন, মানুষ নিজেদের দাবি দাওয়ার কথা জানাবেন। সেগুলি লিপিবদ্ধ করা হবে। আমরা সেই দাবিগুলিও খতিয়ে দেখব।
এই জেলার বহু ভোটার পরিযায়ী শ্রমিক হিসেবে বিভিন্ন রাজ্যে কাজ করেন। তাঁদের ভোটার কার্ডগুলি সতর্কতার সঙ্গে খুঁটিয়ে দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। জেলা সভাপতি বলেন, অনেকে নিজেদের ভোটার কার্ড অন্যত্র স্থানান্তরিত করেছেন। সেই কার্ডগুলি যদি তাঁরা ওখানে রাখতে চান, তাহলে তাঁরা সেখানে ভোট দিতেই পারেন। এখানে তালিকা থেকে তাহলে নাম বাদ যাবে। আর যাঁদের নাম নেই বা ভুলবশত বাদ গিয়েছে, তাদের নতুন করে আবেদন করতে বলব। আমরা পাশে আছি। মানুষকে নিশ্চিন্ত থাকার জন্য অনুরোধ করছি।