সংবাদদাতা, কালনা: ভুয়ো ভোটার ধরতে রবিবার কালনা-১ ব্লকের ছ’টি পঞ্চায়েতের দলীয় কর্মী ও জন প্রতিনিধিদের নিয়ে বৈঠক করলেন মন্ত্রী স্বপন দেবনাথ। এদিন নান্দাই পঞ্চায়েতের দলীয় অফিসে বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ শর্মিলা সরকার, কালনা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল, পূর্বস্থলী-১ পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক প্রমুখ। এদিন বৈঠকের শুরুতেই স্বপনবাবু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর হামলার তীব্র নিন্দা করেন। তিনি বলেন, গ্রাম থেকে শহর আজ শিক্ষায় ব্যাপক উন্নয়ন হয়েছে। কিছু বাম ও অতি বামেদের আচরণ লজ্জাজনক। আমরা ধিক্কার জানাই। বাংলায় ভোটার তালিকায় ভুয়ো ভোটারের নাম ঢোকানোর চক্রান্ত চলছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুথস্তরে ভোটার তালিকা ধরে ধরে খোঁজ নিতে নির্দেশ দিয়েছেন। তাঁর নির্দেশ মেনেই ব্লক বুথ ধরে জন প্রতিনিধি ও কর্মীদের নিয়ে বৈঠক করছি। পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার কালনা-১ ব্লকের ছ’টি পঞ্চায়েতে ১২৩টি বুথ রয়েছে। প্রত্যেক বুথের কর্মীদের বলা হয়েছে ভোটার তালিকায় সন্দেহজনক কোনও নাম থাকলে তাঁর বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে দলীয় নেতৃত্বকে জানাতে। আমরা এই চক্রান্তকে কোনওভাবেই সফল হতে দেব না। এদিন তিনি দলের কর্মীদের উদ্দেশ্যে বলেন, দলের নেতানেত্রী ও জন প্রতিনিধি হয়ে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে। আর টিকিটের সুপারিশ করবে তা হবে না। যাঁরা দলের বিপদে পাশে থাকবেন, দল তাঁর যোগ্য সম্মান দেবে।



