সংবাদদাতা,জঙ্গিপুর: বিএসএফের নজর এড়িয়ে সীমান্ত পেরিয়ে হেরোইন পাচারের চেষ্টা করে এক পাচারকারী। সীমান্তে টহলরতবিএসএফ জওয়ানরা পাচারকারীর পিছু ধাওয়া করে। বিএসএফের উপস্থিতি টের পেলে মাদক ফেলে পালিয়ে যায় ওই পাচারকারী। ঘটনাস্থল থেকে প্রায় ৫০০গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করেছে বিএসএফ। ওই পাচারকারী বাংলাদেশের বলে অনুমান বিএসএফের। সে সীমান্ত পেরিয়ে সেগুলো ভারতে পাচারের চেষ্টা করছিল বলে অনুমান সীমান্তরক্ষীদের। যদিও তার সেই চেষ্টা শেষ পর্যন্ত রুখে দেয় বিএসএফ। পাচারকারীর সন্ধানে তল্লাশি চালাচ্ছে বিএসএফ।
Advertisement
এ প্রসঙ্গে রঘুনাথগঞ্জ থানার এক পুলিস আধিকারিক জানিয়েছেন, বাহুড়া বিএসএফ ৫০০ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করেছে। বুধবার সকালে হেরোইনগুলো থানায় হ্যান্ড ওভার করেছে। নিয়ম মেনে সেগুলো নষ্ট করা হবে। জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় রঘুনাথগঞ্জের নবাবজাইগির মাঠে এক যুবককে পদ্মানদীর দিকে এগিয়ে আসতে দেখে বিএসএফ। যুবককের পিছু নেয় সীমান্তে টহলরত জওয়ানরা। ওই যুবক বিএসএফের উপস্থিতি টের পেলে হেরোইনগুলো মাঠের মধ্যে ফেলে বাংলাদেশের দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে একটি প্লাস্টিক প্যাকেটে উদ্ধার করে বিএসএফ জওয়ানরা। প্যাকেটে হেরোইন ভরা ছিল। ওই যুবক বাংলাদেশ থেকে সেগুলো নিয়ে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে।



