Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাঘমুণ্ডিতে ব্যবসায়ীর ১৫ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ

বাঘমুণ্ডিতে ব্যবসায়ীর ১৫ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: বাঘমুণ্ডির সুইসা ফাঁড়ির নোয়াডি এলাকা থেকে এক ব্যবসায়ীর ১৫ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠল। সোমবার ওই ব্যবসায়ী তাঁর দুই ছেলেকে নিয়ে বাঁকুড়া থেকে রাঁচি যাচ্ছিলেন। মাঝপথেই ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন রাঁচির ওই ব্যবসায়ী। পুলিস দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর নাম দানিশ কুরেশি। তাঁর বাড়ি ঝাড়খণ্ডে। এরাজ্যের বিভিন্ন হাটে তিনি পশু কেনাবেচা করেন। সোমবার বাঁকুড়ার শনুকপাহাড়ী হাট থেকে একটি চারচাকা গাড়িতে তিনি রাঁচি যাচ্ছিলেন। ব্যবসায়ীর সঙ্গে তাঁর দুই ছেলেও ছিল। গাড়িতে একটি ব্যাগে ছিল ১৫ লক্ষ টাকা। অভিযোগ, বিকেল ৩টে নাগাদ সুইসার নোওয়াডি এলাকায় তাঁরা গাড়ি দাঁড় করান। তিনজনেই গাড়ি থেকে প্রস্রাব করতে নামেন। ঠিক সেই সময় অন্য আরএকটি চারচাকা গাড়ি তাঁদের কাছে এসে দাঁড়ায়। গাড়ি থেকে কয়েকজন দুষ্কৃতী নেমে ওই ব্যবসায়ীর গাড়িতে থাকা টাকার ব্যাগটি ছিনতাই করে। সঙ্গে একটি মোবাইল ফোন ও গাড়ির চাবিও ছিনতাই করে চম্পট দেয় দুষ্কৃতীরা। গাড়ির চাবি নিয়ে চলে যাওয়ায় ওই গাড়িটিকে আর ধাওয়া করা সম্ভব হয়নি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। খবর দেওয়া হয়েছে পড়শি থানাগুলিতেও। দুষ্কৃতীদের খোঁজে দুই রাজ্যের পুলিস জোর তল্লাশি চালাচ্ছে। স্থানীয় বাসিন্দারা দাবি করছিলেন, ওই দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র দেখিয়েই ব্যবসায়ীর থেকে টাকা লুট করেছে। যদিও সেই দাবিকে মান্যতা দেয়নি পুলিস। পুলিস জানিয়েছে, ঘটনার সঙ্গে ভিন রাজ্যের দুষ্কৃতীরা জড়িত রয়েছে বলে মনে হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ