সংবাদদাতা, বাগডোগরা: প্যাঙ্গলিনের আঁশ সহ একজনকে গ্রেপ্তার করেছে বাগডোগরা বন বিভাগ। ফাঁসিদেওয়া মোড় আন্ডারপাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে ৪ কেজি ৬০০ গ্রাম প্যাঙ্গলিনের আঁশ উদ্ধার হয়েছে। বনদপ্তর জানিয়েছে, ধৃতের নাম তনুজ দাস। সে অসমের লাখিমপুরের বাসিন্দা। অসম থেকে এগুলি নেপাল হয়ে চীনে পাচারের ছক ছিল বলে বনদপ্তর তদন্তে জানতে পেরেছে। অরুণাচল ও অসম সহ বিভিন্ন জায়গা থেকে এই প্যাঙ্গোলিনের আঁশ সংগ্রহ করা হয়েছিল। বনদপ্তরের বাগডোগরা রেঞ্জের রেঞ্জার সোনম ভুটিয়া বলেন, বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে প্যাঙ্গলিনের আঁশ সহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এগুলি ১০ থেকে ১৪টি প্যাঙ্গলিনের আঁশ।



