Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নিউটাউনের বহুতলে বেটিং-চক্র, গ্রেপ্তার ৪

নিউটাউনের একটি বহুতলে আন্তঃরাজ্য বেটিং ও গেমিং চক্রের হদিশ পেল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিস।

নিউটাউনের বহুতলে বেটিং-চক্র, গ্রেপ্তার ৪
  • ৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: নিউটাউনের একটি বহুতলে আন্তঃরাজ্য বেটিং ও গেমিং চক্রের হদিশ পেল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিস। বুধবার আইপিএলের ফাইনাল ম্যাচের আগে সেখানে হানা দিয়ে বড়সড় সাফল্য মিলেছে। চারজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে এই চক্রে ব্যবহৃত প্রচুর সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম দেবজিৎ বসাক, অঙ্কিত গুপ্তা, কুশল রায় ও শম্ভু বি কে। প্রথম দু’জনের বাড়ি কলকাতার জোড়াবাগান থানা এলাকায়। কুশলের বাড়ি বারাসতে। শম্ভুর বাড়ি নেপালে। তিনি নিউটাউনে থাকতেন।

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, নিউটাউন অ্যাকশন এরিয়া-১ এলাকার ওই বহুতলের উপর একটি চক্র চলছে বলে পুলিসের কাছে খবর এসেছিল। তার ভিত্তিতে বুধবার সাইবার ক্রাইম থানার একটি টিম সেখানে আচমকা হানা দেয়। ১৫টি মোবাইল ফোন, ৪৬টি ডেবিট ও ক্রেডিট কার্ড, ৩১টি সিমকার্ড, ২১টি পাসবুক, দু’টি পাসপোর্ট, তিনটি ওয়াই-ফাই রাউটার এবং একাধিক জাল নথি বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত চারজনকে জেরা করে এবং প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে, এই চক্রটি একটি ভুয়ো ওয়েবসাইট খুলেছিল। তার মাধ্যমে অনলাইনে ভুয়ো বেটিং ও গেমিং চক্র চালাত। দেশের বিভিন্ন রাজ্যের মানুষকে টোপ দিয়ে তাঁরা অংশ গ্রহণ করাতেন।
অনলাইনে গেমিংয়ের মাধ্যমে প্রচুর মুনাফার টোপ দেওয়া হতো। জাল পরিচয়পত্র ব্যবহার করে তাঁরা ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ওয়ালেট অ্যাকাউন্ট তৈরি করত। যার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করত। একইভাবে তাঁদের বেটিংয়ের ফাঁদেও পড়তেন বহু মানুষ। পুলিস জানিয়েছে, এই চক্রটি কতদিন ধরে চলছিল, কত টাকা প্রতারণা করা হয়েছে, এই চক্রের সঙ্গে আরও কতজন যুক্ত রয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে নিউটাউন ছাড়া, অন্য কোনও জায়গাতেও তাদের এই চক্র ছড়িয়ে রয়েছে কি না, তারও তদন্ত করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ