Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আইপিএলের মরশুমে নবদ্বীপে বেটিং চক্রের বাড়বাড়ন্ত, গ্রেপ্তার আরও এক

আইপিএল বেটিংচক্র চালানোর অভিযোগে নবদ্বীপে গ্রেপ্তার হল পূর্ব বর্ধমান জেলার নাদনঘাটের এক যুবক।

আইপিএলের মরশুমে নবদ্বীপে বেটিং চক্রের বাড়বাড়ন্ত, গ্রেপ্তার আরও এক
  • ২৮ মে, ২০২৫ ১৫:০৫
Prefer us on Google

সংবাদদাতা, নবদ্বীপ: আইপিএল বেটিংচক্র চালানোর অভিযোগে নবদ্বীপে গ্রেপ্তার হল পূর্ব বর্ধমান জেলার নাদনঘাটের এক যুবক। সোমবার রাতে কার্তিক নাগ নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি নাদনঘাট থানার উত্তর শ্রীরামপুরের ঘোষপাড়ায়। ধৃতের কাছ থেকে একটি মোবাইল বাজেয়াপ্ত হয়েছে।

Advertisement

২০মে নবদ্বীপের মালঞ্চপাড়া বাঁধ রোডে হানা দিয়ে পুলিস প্রফুল্লনগরের বাপন সরকারকে গ্রেপ্তার করেছিল। প্রতাপনগর থেকে গ্রেপ্তার হয়েছিল মনোজ দেবনাথ। তাদের কাছ থেকেও দু’টি মোবাইল উদ্ধার হয়েছে। কার্তিকের গ্রেপ্তারির ফলে এই চক্রের মোট তিনজন ধরা পড়ল। তবে পুলিস জানিয়েছে, মূল মাথারা পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় বসে পুরো চক্রটি নিয়ন্ত্রণ করছে। এই চক্রের সঙ্গে কোনও বড় আন্তর্জাতিক চক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিস তদন্তে জানতে পেরেছে, ধৃতরা বেটিংয়ে অংশগ্রহণকারীদের অনলাইনে জুয়ার লিঙ্ক পাঠিয়ে দিত। ম্যাচের জয়-পরাজয়, বল ও রান পিছু, এমনকী নির্দিষ্ট প্লেয়ারকে নিয়েও বেটিং চলত। ইদানীং নানা জায়গায় থেকে আইপিএল বেটিংয়ের অভিযোগ পেয়ে পুলিস তদন্ত শুরু করেছে।
নবদ্বীপ থানার আইসি জলেশ্বর তেওয়ারি বলেন, থানা এলাকার বিভিন্ন প্রান্তে অনলাইনে আইপিএল বেটিংচক্র চলছিল। গোপন সূত্রে সুনির্দিষ্ট তথ্য পেয়ে আমরা বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে মোট তিনজনকে গ্রেপ্তার করেছি। অনলাইন বেটিংয়ে আসক্ত হয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষ সর্বস্বান্ত হয়ে যাচ্ছেন। পুলিস সুপারের নির্দেশ অনুযায়ী এই বেআইনি বেটিং বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ধৃতদের কাছ থেকে মোবাইল উদ্ধার হয়েছে। যে অ্যাপে এই অনলাইন জুয়া চলত, সেই অ্যাপটি মোবাইলে আছে। এসমস্ত মোবাইল ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ