Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মাঝমাঠের দখল নিতে মরিয়া বেঙ্গালুরু এফসি

মাঝমাঠের দখল নিতে মরিয়া বেঙ্গালুরু এফসি
  • ১২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

অম্বরীশ চট্টোপাধ্যায়, কলকাতা: এ যেন ঝড়ের আগে পূর্বাভাস। শনিবার আইএসএল ফাইনালে যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহন বাগান সুপার জায়ান্টের মুখোমুখি বেঙ্গালুরু এফসি। অথচ খেতাবি লড়াইয়ের শেষ মহড়ায় কার্যত নিজেদের গুটিয়ে রাখলেন সুনীল-গুরপ্রীতরা। শনিবার ঘরের মাঠে অবিসংবাদিত ফেভারিট মোহন বাগান। তবে সুনীল-নোগুয়েরাদের হার না মানা মানসিকতা আর বড় মঞ্চে সাফল্যের অভিজ্ঞতার জন্য বেঙ্গালুরুকে খুব বেশি পিছিয়ে রাখা যাচ্ছে না। সুরেশ সিংয়ের চোট কিছুটা হলেও চিন্তা বাড়িয়েছে কোচ জারাগোজার। সেমি-ফাইনালের ফিরতি লেগে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন এই মণিপুরী মিডিও। শুক্রবার চোটের জায়গায় মোটা ব্যান্ডেজ বেঁধেই প্রস্তুতি সারলেন তিনি। তবে তিনি যে ৯০ মিনিট খেলার মতো জায়গায় নেই, তা স্পষ্ট। তাই বিকল্প পরিকল্পনা সেরে রাখছেন বিএফসি কোচ।

Advertisement

শুক্রবার অনুশীলনে মূলত সেট পিস আর পাসিং ফুটবলের উপর জোর দিল বেঙ্গালুরু। চলতি মরশুমে মোহন বাগানের উইং-ব্যাকে শুভাশিস ও আশিস রাইকে চাপের মুখে বেশ নড়বড়ে দেখিয়েছে। শনিবার প্রান্তিক আক্রমণে ঝড় তুলে সেই জায়গায় ঘা দিতে চাইবেন জারাগোজা। তবে এই বেঙ্গালুরু এফসি’র মূল শক্তি মাঝমাঝ। নোগুয়েরা, সুরেশের পাশাপাশি পেড্রো কাপো, রায়ান উইলিয়ামসদের উপস্থিতি যে কোনও প্রতিপক্ষ কোচের চিন্তা বাড়াতে পারে। শনিবারও মাঝমাঠে দখল নিয়েই ম্যাচের রাশ নিজেদের হাতে নিতে চাইবে বিএফসি।
চলতি মরশুমে দারুণ ছন্দে রয়েছেন সুনীল। ইতিমধ্যেই তাঁর নামের পাশে রয়েছে ১৪টি গোল। শনিবার ফাইনালে আরও একবার সুনীলের দিকেই তাকিয়ে থাকবে দল। তবে দলের সেরা অস্ত্রকে নিয়ে বেশ সাবধানী কোচ জারাগোজা। মাথায় রাখছেন ক্লান্তির বিষয়টাও। তাই শনিবার প্রয়োজনে সুনীলকে বেঞ্চে রেখেও দল সাজাতে পারেন তিনি। একইসঙ্গে শনিবার নজর থাকবে গুরপ্রীতের দিকেও। সম্প্রতি পারফরম্যান্সের নিরিখে বিশাল কাইথের কাছেই জাতীয় দলের জায়গা হারাতে হয়েছে তাঁকে। তাই শনিবার দস্তানার লড়াইয়ে বাগান দুর্গপ্রহরীকে টেক্কা দিতে চাইবেন এই পাঞ্জাব তনয়। গুরপ্রীত অবশ্য জানিয়ে দিলেন, ‘বিশালের সঙ্গে আমার কোনও লড়াই নেই।’
সম্ভাব্য একাদশ: গুরপ্রীত, নামঘাল, চিঙ্গেলসানা, রাহুল, রোশান, নোগুয়েরা, পেড্রো, ফানাই/সুরেশ, রায়ান, শিবাশক্তি ও এডগার।

Advertisement
সম্পর্কিত সংবাদ