নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ওড়িশায় হেনস্তার শিকার হওয়া পরিযায়ী শ্রমিকের বাড়ি গেলেন চুঁচুড়ার বিধায়ক। শনিবার দেখা করে ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। পরিযায়ী শ্রমিক দেবাশিস দাসকে নিয়ে খোঁজখবর শুরু করেছে রাজ্য প্রশাসন। এদিন বিধায়ক অসিতবাবু বলেন, বাংলা কথা বললেই বাংলাদেশি হয়ে যেতে হচ্ছে। আর তারপর ওপার বাংলায় পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা চলছে। এদেশে উন্মাদের সরকার চলছে। মানুষকে মানুষ জ্ঞান করা হচ্ছে না। বাংলার মানুষকে হেনস্তা আর কলঙ্কিত করাই একটা সরকারের মূলনীতি হয়ে দাঁড়িয়েছে।’ দেবাশিসবাবু এবং তাঁর পরিবার জানিয়েছে, খুব আতঙ্কে রয়েছেন তাঁরা। বিশেষ করে জীবন জীবিকার সঙ্কট বড় হয়ে দেখা দিয়েছে। প্রসঙ্গত সম্প্রতি একটি ফায়ার সার্ভিসেস কোম্পানির হয়ে ওড়িশায় কাজে গিয়ে বাংলাদেশি সন্দেহে ধরা পড়েছিলেন দেবাশিস। তিনি চুঁচুড়ার কোদালিয়া এক নম্বর পঞ্চায়েতের সুকান্তনগরের বাসিন্দা। বাংলার এবং দেশের নাগরিক হওয়ার যাবতীয় প্রমাণ থাকার পরও তাঁকে হেনস্তার শিকার হতে হয় বলে অভিযোগ। শুক্রবার তিনি বাড়ি ফেরেন।



