নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ভিন রাজ্যে কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল সাগরের পরিযায়ী শ্রমিকের। নাম শক্তিপদ দাস (৪০)। জানা গিয়েছে, কিছুদিন আগে তামিলনাড়ুতে কাজে গিয়েছিলেন তিনি। ইটভাটায় কাজের সময় মৃত্যু হয় তাঁর। পরিবার সূত্রে জানি গিয়েছে, বৃহস্পতিবার ইটভাটায় কাজের সময় ঘটে বিপত্তি। ইট তৈরির মিক্সার মেশিনে কাদামাটি ঢোকানোর সময় তাঁর হাত মেশিনের মধ্যে ঢুকে যায়। হাত বের করার জন্য নীচু হয়ে চেষ্টা করতে গিয়ে শরীরের বেশ কিছুটা অংশও মেশিনের ভিতর ঢুকে যায়। ঘটনাস্থলে ছুটে আসেন অন্যান্য শ্রমিকরা। কিন্তু শক্তিপদবাবুর আটকে যাওয়া শরীর মেশিন থেকে বের করা যায়নি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।



