Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শান্তিপুরে বাণিজ্যিক সাইনবোর্ডে এবার থেকে বাধ্যতামূলক বাংলা

বাংলা ও বাঙালি পরিচয়কে ঘিরে যখন রাজ্য রাজনীতি সরগরম, তখনই শান্তিপুর পুরসভা এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল। এবার থেকে শহরের সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানের সাইনবোর্ডে বাংলা হরফ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

শান্তিপুরে বাণিজ্যিক সাইনবোর্ডে এবার থেকে বাধ্যতামূলক বাংলা
  • ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: বাংলা ও বাঙালি পরিচয়কে ঘিরে যখন রাজ্য রাজনীতি সরগরম, তখনই শান্তিপুর পুরসভা এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল। এবার থেকে শহরের সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানের সাইনবোর্ডে বাংলা হরফ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। শুক্রবার পুরসভার বোর্ড অব কাউন্সিলার্স-এর বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। শীঘ্রই এবিষয়ে পুর কর্তৃপক্ষ নির্দেশিকা জারি করবে। পুরসভা জানিয়েছে, সাইনবোর্ডে ইংরেজি বা অন্য ভাষা ব্যবহার করা যাবে। তবে বাংলা ভাষাকে প্রাধান্য দিতেই হবে। অর্থাৎ যে কোনও প্রতিষ্ঠানের সাইনবোর্ডে বাংলা লেখা অপরিহার্য। পুরপ্রধান সুব্রত ঘোষ বলেন, পশ্চিমবঙ্গ বাঙালিদের রাজ্য। তাই বাংলা ভাষার মর্যাদা রক্ষা করা জরুরি। সেজন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শান্তিপুর রাজ্যের অন্যতম প্রাচীন শহর। নদীয়ার এই নগর রাজ্যের প্রথম তিনটি প্রাচীন পুরসভার অন্তর্ভুক্ত। ২৪টি ওয়ার্ড নিয়ে গড়ে ওঠা এশহরে যুগ যুগ ধরে বিভিন্ন ভাষাভাষীর মানুষ বসবাস করছেন। বিশেষত শান্তিপুরের শাড়ির বিশ্বজোড়া খ্যাতি আছে। সেজন্য শহরে বড়সড় কাপড়ের হাট, বাজার ও একাধিক মার্কেট কমপ্লেক্স রয়েছে। এর পরিপ্রেক্ষিতে পুরসভার সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সম্প্রতি দেশজুড়ে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্তা ও নির্যাতনের অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রতিবাদে ভাষা আন্দোলনের ডাকও দিয়েছেন। এমন রাজনৈতিক আবহের মধ্যেই শান্তিপুর পুরসভা এই প্রশাসনিক সিদ্ধান্ত কার্যকর করতে চলেছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ