নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লক্ষ্য ছিল হিমাচল প্রদেশের কিন্নর জেলার লিও পারগিয়াল-২ (৬,৭৯২ মিটার) শৃঙ্গ জয়। প্রকৃতি বিরূপ হওয়ায় একেবারে দোরগোড়া থেকে ফিরতে হল কলকাতার পর্বতারোহণ ও অ্যাডভেঞ্চার ক্লাব ‘হিমালয়াজ বেকন’-এর ১২ সদস্যকে। নীচে নামার সময় প্রবল তুষারপাতে আটকে পড়েন তাঁরা। শেষ পর্যন্ত আইটিবিপি, স্থানীয় পুলিশ এবং এলাকার বাসিন্দাদের যৌথ প্রচেষ্টায় অত্যন্ত দুর্গম পথ পেরিয়ে শেষ পর্যন্ত তাঁদের নাকো গ্রামে ফিরে আসেন তাঁরা। খারাপ আবহাওয়া, একটানা তুষারপাত এবং দলের এক সদস্যের উচ্চতাজনিত অসুস্থতার কারণে শৃঙ্গের খুব কাছে পৌঁছেও অভিযান বাতিল করতে বাধ্য হয় দলটি।
ঘটনার বিবরণ দিয়ে অভিযাত্রী টিমের লিডার রাজশেখর ঘোষ বলেন, ‘নাকো গ্রাম থেকে শুরু হয় অভিযান। বেস ক্যাম্পে পৌঁছানোর পর থেকেই তাপমাত্রা নেমে আসে -৮ ডিগ্রি থেকে -১৪ ডিগ্রিতে। তার মধ্যেই ২৪ সেপ্টেম্বর রাতে ক্যাম্প টু থেকে শৃঙ্গজয়ের লক্ষ্যে শুরু হয় অভিযান। কিন্তু প্রায় ৬,৫০০ মিটারে পৌঁছে এক সদস্যের উচ্চতাজনিত অসুস্থতার কারণে আমাদের নেমে আসতে হয়। পরদিন সামিট পুশের পরিকল্পনা থাকলেও মধ্যরাত থেকে লাগাতার তুষারপাত শুরু হয়। বাধ্য হয়ে আমরা বেস ক্যাম্পে ফিরে আসি। সেদিন আমাদের নাকো গ্রামে নেমে আসার পরিকল্পনা ছিল। কিছুটা নেমে আসার পর প্রবল তুষারপাতের জেরে রাস্তা চিনতে পারা যাচ্ছিল না। বাধ্য হয়ে আমরা প্রথমে আইটিবিপি এবং পরে পুলিশের সঙ্গে যোগাযোগ করি।’ তিনি আরও জানান, তাঁদের হোমস্টে-র মালিক এলাকা সম্পর্কে ওয়াকিবহাল এমন দু’জনকে সাহায্যের জন্য পাঠান। পাশাপাশি পুলিশ ও আইটিবিপির চিকিৎসকদের দলও সেখানে পৌঁছায়। তাঁদের সহায়তায় দলের ১৪ জন সদস্য নিরাপদে নীচে নেমে আসেন।
অন্যদিকে, প্রবল তুষারপাতের জেরে উত্তরকাশীতেও আটকে পড়েন বহু ট্রেকার। এসডিআরএফের সহায়তায় গত দু’দিনে কালিন্দী খাল এলাকা থেকে মোট ১৯ জনকে উদ্ধার করে হরসিল হেলিপ্যাডে নিয়ে আসা হয়েছে। পৃথক একটি অপারেশনে গত সোমবার অডেন’স কল এলাকায় আটকে পড়া ২৯ জন ট্রেকারকে হেলিকপ্টার করে হরসিলে নিয়ে আসা হয়েছে।