সংবাদদাতা, রামপুরহাট: ইরান ও ইজ়রায়েলের যুদ্ধ আতঙ্ক ধরিয়ে দিয়েছে মল্লারপুরের বিজেপি নেতা জয়শঙ্কর সিনহার পরিবারে। তাঁদের ছেলে ইন্ডিয়ান নেভির হয়ে ইজরায়েলে প্রশিক্ষণ নিতে গিয়ে আটকে পড়েছেন। আজ শুক্রবার তাঁর দেশে ফেরার কথা ছিল। কিন্তু যুদ্ধের জেরে বিমান বাতিল হওয়ায় চিন্তায় পড়েছেন সিনহা পরিবার।
জয়শংকর সিনহা ও অনিমা সিনহার বড় ছেলে অরিত্র। তিনি ইন্ডিয়ান নেভির লেফটেন্যান্ট পদে কর্মরত। প্রশিক্ষণের জন্য গত ৩ মে ইজরায়েলে যান। সেখানে দেড়মাস থেকে ২০ জুন তাঁর দেশে ফেরার কথা ছিল। কিন্তু বর্তমানে ইজরায়েল ও ইরানের যুদ্ধ চলছে। মুড়ি মুড়কির মতো ইরানের মিসাইল আছড়ে পড়ছে ইহুদিভূমে। স্বভাবতই উৎকণ্ঠায় সিনহা পরিবারের।
জয়শঙ্কর বলেন, ছেলে তেল আভিভের একটি হোটেল রয়েছে। তাঁর সঙ্গে ইন্ডিয়ান নেভির আরও পাঁচজন রয়েছেন। ইরান তেল আভিভ লক্ষ্য করে আক্রমণ চালাচ্ছে। পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। ছেলেকে নিয়ে চিন্তায় রয়েছি। তবে ছেলের সঙ্গে কথা হয়েছে। সে ভালো আছে বলছে। এমব্যাসির সঙ্গে তাঁদের কথা হয়েছে। আজ শুক্রবার তাঁদের বের করে নিয়ে আসা হতে পারে। আমি চাই ছেলে ও তাঁর সঙ্গে আটকে পড়া আরও পাঁচজন সুস্থভাবে ভারতে ফিরে আসুক।