Bartaman Logo
৩০ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

শেষযাত্রায় অনীক

পিসওয়ার্ল্ড থেকে সকাল সাড়ে ন’টা নাগাদ এল শববাহী গাড়িটা। শায়িত পরিচালক অনীক দত্ত। তাঁকে শেষশ্রদ্ধা জানালেন অনুরাগীরা।

শেষযাত্রায় অনীক
  • ৩০ মে, ২০২৬ ০৪:০০

শুক্রবার সকাল সাড়ে আটটা থেকেই ভিড় বাড়তে শুরু করেছিল নন্দন চত্বরে। প্রখর রোদ উপেক্ষা করে সিনেপ্রেমীদের ভিড়। পিসওয়ার্ল্ড থেকে সকাল সাড়ে ন’টা নাগাদ এল শববাহী গাড়িটা। শায়িত পরিচালক অনীক দত্ত। তাঁকে শেষশ্রদ্ধা জানালেন অনুরাগীরা। তাঁদের আক্ষেপ, জীবদ্দশায় সরকারি প্রেক্ষাগৃহ নন্দনে শো পায়নি অনীকের ছবি। ওখানে দাঁড়িয়েই বিধায়ক, অভিনেতা রুদ্রনীল ঘোষ জানান, ‘অনীকদার পরিচালিত ছবিগুলি এর আগে নন্দনে মুক্তি পায়নি। এবার পাবে।’ এদিন নন্দনের মূল গেটের সামনে বড়ো ফ্রেমে বসানো ছিল অনীকের ছবি। পরিচালককে শেষশ্রদ্ধা জানাতে এসেছিলেন প্রযোজক ফিরদৌসল হাসান, পাপিয়া অধিকারী, অঞ্জনা বসু, লকেট চট্টোপাধ্যায়, সৃজিৎ মুখোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায়, জীতু কামাল, বিদীপ্তা চট্টোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায় সহ আরও অনেকে। নন্দন থেকে পরিচালকের দেহ নিয়ে যাওয়া হয় এনটি ১ স্টুডিয়োতে। শ্রদ্ধা জানান বর্ষীয়ান বাম নেতা বিমান বসু। অগ্নিমিত্রা পাল, লগ্নজিতা চক্রবর্তী, সৌরসেনী মৈত্র, চুর্ণী গঙ্গোপাধ্যায়, গৌতম ঘোষ, ঊষসী চক্রবর্তী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন শেষযাত্রায়।  এনটি ১ স্টুডিয়োর পর কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে যাওয়া হয় পরিচালকের মরদেহ। সেখানে নিয়ম মেনে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেন মেয়ে ঐশী দত্ত। ছিলেন অনীকের স্ত্রী সন্ধি দত্ত। গত বুধবার দক্ষিণ কলকাতার হিন্দুস্তান পার্কের বহুতলের নীচ থেকে উদ্ধার হয় অনীকের দেহ। পরে হাসপাতাল থেকে মৃত ঘোষণা করা হয় পরিচালককে। উদ্ধার হওয়া সুইসাইড নোট দেখে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন পরিচালক।

Advertisement
সম্পর্কিত সংবাদ