নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অসমের বিরুদ্ধে রনজি ট্রফির ম্যাচে চালকের আসনে বাংলা। কল্যাণীতে প্রতিপক্ষের ২০০ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে বঙ্গ-ব্রিগেডের স্কোর ৪ উইকেটে ২৬৭। প্রথম ইনিংসে লিডের সুবাদে ৩ পয়েন্ট নিশ্চিত লক্ষ্মীরতন শুক্লার দলের। তবে এতে সন্তুষ্ট হতে চান না অভিমন্যু ঈশ্বরণরা। বোনাস পয়েন্ট সহ জিতে কোয়ার্টার-ফাইনালের পথে এগিয়ে রাখাই লক্ষ্য বাংলার।
৮ উইকেটে ১৯৪ রানে প্রথম দিনের খেলা শেষ করেছিল অসম। দ্বিতীয় দিনে তারা মাত্র ৬ রান স্কোরবোর্ডে যোগ করে। মুক্তার হোসেন রান আউট হন। আর অসমের ক্যাপ্টেন সুমিতকে ফেরান মহম্মদ সামি। প্রথম ইনিংসে ২৩.২ ওভার হাত ঘুরিয়ে ৬৪ রানের বিনিময়ে ৩টি উইকেট তুলে নিলেন তারকা পেসার। এই মরশুমে রনজিতে চার ম্যাচে তাঁর শিকারসংখ্যা ১৮। দুর্দান্ত ফর্মেই রয়েছেন তিনি। তাঁকে ঘিরে কল্যাণীতে খুদে সমর্থকদের রীতিমতো উন্মাদনা দেখা দেয়। ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আড়াইদিনে টেস্ট হারের পর অনেকেই জাতীয় দলে তাঁকে নেওয়া উচিত বলে মনে করছেন। বাংলার সুরজ সিন্ধু জয়সওয়ালও নেন তিন উইকেট।
ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলা। রান আউট হন সুদীপ কুমার ঘরামি (২)। প্রাথমিক ধাক্কা সামলে নেন অভিমন্যু ঈশ্বরণ ও হাবিব গান্ধী। দ্বিতীয় উইকেটে এই জুটি স্কোর বোর্ডে যোগ করেন ১২২ রান। শেষ পর্যন্ত হাবিবকে (৫৮) ফেরান আকাশ সেনগুপ্ত। ৬৬ রান করে আউট হন অভিমন্যু ঈশ্বরণও। এই দু’জন ফেরার পর ইনিংসের হাল ধরেন অনুষ্টুপ মজুমদার ও শাহবাজ আহমেদ। অর্ধশতরান থেকে সাত রান দূরে অনুষ্টুপ (৪৩) আউট হলেও স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাচ্ছেন শাহবাজ। দিনের শেষে ৬১ রানে ব্যাট করছেন তিনি। ক্রিজে তাঁর সঙ্গী সুমন্ত গুপ্ত (ব্যাটিং ২৫)। তৃতীয় দিনে বড় রান তোলাই লক্ষ্য বঙ্গ-ব্রিগেডের। অসমের হয়ে আকাশ সেনগুপ্ত দু’টি উইকেট নিয়েছেন।