জেতার জন্য বোলিংই ভরসা বাংলা দলের
  • ১৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লিড এখনও ৮৮ রানের। সরাসরি জয়ের জন্য তারমধ্যেই দিল্লির ৭ উইকেট ফেলা জরুরি। তবে মন্থর পিচের কারণে বিপক্ষের দ্বিতীয় ইনিংসে ধস নামানো ক্রমশ কঠিন। বোনাস সহ রনজিতে ৭ পয়েন্টের স্বপ্ন তাই দূরে সরছে। তবে মহম্মদ সামি, আকাশদীপ, মুকেশ কুমারকে নিয়ে গড়া পেস আক্রমণ রয়েছে বলেই আশা। বিশেষ করে মঙ্গলবারই তো বাংলা শেষ ৬ উইকেট হারিয়েছে ৩৯ রানে। কে বলতে পারে, বুধবার সকালে সামি ব্রিগেড জ্বলে উঠবে না!

Advertisement

বাংলা যদিও বাস্তববাদীই থাকতে চাইছে। কারণ, পিচ থেকে সাহায্য মিলছে না। গতি কমেছে বাইশ গজে। সেভাবে ভাঙেওনি পিচ। তবে প্রদীপ্ত প্রামাণিকের বল যেভাবে অনেকটা ঘুরে সনৎ সাঙ্গোয়ানকে বোল্ড করেছে, তা আশার ঝলক আনছে। ক্যাপ্টেন আয়ুশ বাদোনি (২৪) ও অনুজ রাওয়াত (২৫) অবশ্য সতর্কভাবে খেলছেন। ৪৫ ওভার ব্যাট করে দিল্লির ৩ উইকেটে ১০১ রানেই তা প্রতিফলিত। প্রদীপ্ত ছাড়া বাকি দুই উইকেট যথাক্রমে আকাশ ও মুকেশের। 
এদিন সকালে ৩ উইকেটে ৩০৪ নিয়ে শুরু করেছিল বাংলা। সুদীপ কুমার ঘরামি (১৩৩) ও অভিষেক পোড়েল (১৪৯) চতুর্থ উইকেটে যোগ করেন ২২৯। সুমন্ত গুপ্ত (৫০) তারমধ্যেই একক লড়াই চালান।