নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রনজি অভিযানের শুরুটা ভালোই হয়েছে বাংলার। উত্তরাখণ্ড ও গুজরাতের বিরুদ্ধে এসেছে সরাসরি জয়। পকেটে ১২ পয়েন্ট নিয়ে বুধবার আগরতলায় পৌঁছলেন অনুষ্টুপ মজুমদার, শাহবাজ আহমেদরা। তবে শনিবার ত্রিপুরার বিরুদ্ধে নামার আগে চিন্তায় রাখছে প্রকৃতি। এদিন প্রবল বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবারও সেই আশঙ্কা রয়েছে। ফলে প্র্যাকটিস করা যাবে কিনা, তা নিয়ে সংশয় যথেষ্ট। তবে ম্যাচে তার প্রভাব পড়বে না বলেই আশাবাদী শিবির। কোচ লক্ষ্মীরতন শুক্লা তো আরও একটা সরাসরি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। বাংলার প্রথম এগারোয় তিনটি পরিবর্তন হচ্ছে। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ও পেসার আকাশদীপকে পাওয়া যাবে না। দক্ষিণ আফ্রিকা ‘এ’র বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্টের জন্য ভারত ‘এ’ দলে রয়েছেন তাঁরা। চোটের জন্য সুদীপ চট্টোপাধ্যায়ও আপাতত নেই। এই পরিস্থিতিতে ত্রিপুরার বিরুদ্ধে বাংলাকে নেতৃত্ব দেবেন অভিষেক পোড়েল।



