সামিকে সামনে রেখেই কেরল বধের ছক বাংলার
  • ২৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কল্যাণীতে দিল্লিকে হারাতে অন্যতম ভূমিকা নিয়েছিলেন মহম্মদ সামি। তবে অসুস্থতার কারণে দ্বিতীয় ম্যাচ খেলতে পারেননি তারকা পেসার। এখন তিনি সুস্থ। তাই সামিকে সামনে রেখেই সোমবার কেরলের বিরুদ্ধে মাঠে নামছে বঙ্গ-ব্রিগেড। প্রথম দু’টি জয়ে এলিট গ্রুপ সি’র শীর্ষে রয়েছে লক্ষ্মীরতন শুক্লার দল। ছন্দ বজায় রেখে জয়ের হ্যাটট্রিকে চোখ অভিমন্যু ঈশ্বরণদের।

Advertisement

দিল্লিতে স্পিন সহায়ক উইকেটে সার্ভিসেসকে হারিয়েছিল বাংলা। তবে যা ইঙ্গিত, কেরলের কেসিএ ক্রিকেট গ্রাউন্ডে পেস সহায়ক উইকেটের সম্ভাবনা বেশি। তাই ৩ পেসারে দল সাজানোর পরিকল্পনা কোচ লক্ষ্মীরতনের। তিনি বলেন, ‘কেরল ভালো দল। তবে আমাদের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। বৃষ্টির কারণে গত দু’দিন পিচ দেখার সুযোগ হয়নি। পেসার সহায়ক উইকেটের সম্ভাবনাই বেশি। তাই ম্যাচের আগেই আমরা বোলিং কম্বিনেশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। সামির সুস্থ হয়ে ওঠা ইতিবাচক দিক। এই ম্যাচে ও খেলবে।’ উল্লেখ্য, আকাশদীপ ও মুকেশ কুমার ভারতীয় এ দলের স্কোয়াডে রয়েছেন। তাই বাংলা ৩ পেসারে দল সাজালে সামিকে সঙ্গত দেবেন সুরজ সিন্ধু জয়সওয়াল ও মহম্মদ কাইফ। আর ব্যাটিংয়ে দলকে ভরসা জোগাচ্ছেন ক্যাপ্টেন অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ ঘরামি, সুমন্ত গুপ্তরা। 
পক্ষান্তরে, প্রথম দু’টি ম্যাচের একটিতে ড্র ও অন্যটি জিতেছে কেরল। ব্যাটিংয়ে তাদের বড়ো ভরসা শচীন বেবি, মহম্মদ আজাহারউদ্দিন, বিষ্ণু বিনোদ। বোলিংয়ে রয়েছেন নীধেশ, আদিত্য সারাওয়াত, জলজ সাক্সেনা, বৈশাখ চন্দ্রনরা।
 খেলা শুরু সকাল ৯টা ৩০ মিনিটে।