জয়ের গন্ধ পাচ্ছে বাংলা
  • ২৯ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রনজি ট্রফির ম্যাচে কেরলের বিরুদ্ধে দাপট অব্যাহত বাংলার। বলা ভালো জয়ের গন্ধ পাচ্ছেন অভিমন্যু ঈশ্বরণরা। প্রথম ইনিংসে বাংলার ৩৫০ রানের জবাবে ১৪১ রানেই গুটিয়ে যায় কেরল। ২০৯ রানের লিড! ফলো-অন করিয়ে বোনাস পয়েন্টের জন্য ঝাঁপানোর সুযোগ ছিল বঙ্গ ব্রিগেডের সামনে। তবে সেই ঝুঁকি নেননি ক্যাপ্টেন অভিমন্যু ঈশ্বরণ। ফের ব্যাট করতে নেমে বাংলার সংগ্রহ ১৯৮। অর্থাৎ, জয়ের জন্য কেরলের সামনে টার্গেট ৪০৮ রানের। তা তাড়া করতে নেমে তৃতীয় দিনের শেষে ৫৩ রানে ৪ উইকেট খুইয়ে ধুঁকছে হোম টিম। জয়ের জন্য এখনও ৩৫৫ রান দরকার তাদের। আর জিততে বাংলার প্রয়োজন ৬ উইকেট।

Advertisement

এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বোনাস পয়েন্টের জন্য কেন ঝাঁপাল না লক্ষ্মীরতন শুক্লার দল। আসলে কেসিএ ক্রিকেট গ্রাউন্ডের পিচ একপ্রকার ভেঙে গিয়েছে। তাই চতুর্থ দিনে ব্যাট করতে হলে হিতে বিপরীতও হতে পারত। তাই ঝুঁকি নেয়নি বাংলা। উল্লেখ্য, প্রথম ইনিংসে ৬ উইকেটে ১০১ রান ঝুলিতে নিয়ে তৃতীয় দিনে ব্যাট করতে নেমেছিল কেরল। কিন্তু এদিন ২০ ওভারও ব্যাট করতে পারেনি তারা। ১৪১ রানেই অল-আউট বিষ্ণু বিনোদের দল। বাংলার প্রদীপ্ত নেন ৪ উইকেট। সামির শিকার ৩। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাও বড়ো স্কোর তুলতে ব্যর্থ। কঠিন পিচে বাংলার হয়ে সবচেয়ে বেশি রান করেছেন ক্যাপ্টেন অভিমন্যু (৪৭)। এছাড়া সুদীপ চ্যাটার্জির সংগ্রহ ৩৪। শেষদিকে তিনটি ছক্কা সহ সামি করেন ২৬ । সেটাই দুশোর কাছাকাছি পৌঁছায় স্কোরকে। এরপর দ্বিতীয় ইনিংসে কেরলের অবস্থা আরও খারাপ। দিনের শেষে ৪টি উইকেট খুইয়ে ধুঁকছে তারা। সবক’টি উইকেটই তুলে নেন স্পিনার প্রদীপ্ত প্রামাণিক।