মদ্যপানে পিছিয়ে বাংলা! বছরে খরচ মাথা পিছু ২৪৩ টাকা, এগিয়ে বিড়ি-সিগারেটের সুখটানে
  • ২৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বাপ্পাদিত্য রায়চৌধুরী, কলকাতা: সারা দেশ যখন বিয়ার আর বিদেশি সুরায় মাতোয়ারা, তখন পশ্চিমবঙ্গ কার্যত ‘সাধু-সন্ন্যাসীর’ দলে! এমনই রিপোর্ট দিচ্ছে খোদ কেন্দ্রীয় প্রতিষ্ঠান। তাদের রিপোর্ট অনুযায়ী, গোটা দেশে নেশার খরচ বাড়লেও এ রাজ্যের মানুষ মদের পিছনে টাকা ঢালতে এখনও যথেষ্ট কার্পণ্য করছে! 

Advertisement

কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আওতাধীন একটি গবেষণা প্রতিষ্ঠানের দেওয়া তথ্য বলছে, গ্রামবাংলায় বছরে ফরেন লিকার আর বিয়ারের জন্য মাথা পিছু খরচ মাত্র ২৪৩ টাকা। অথচ তেলেঙ্গানার গ্রামাঞ্চলে সেটা ৩ হাজার ৬১ টাকা, সিকিমে ৩ হাজার ৪৬ টাকা, দিল্লিতে ২ হাজার ২৯৪ টাকা। অর্থাৎ, সেসব রাজ্যের মানুষ এক বছরে যা মদ খায়, বাংলা তার ধারেকাছেও নেই। শহরের তথ্যও প্রায় এক। কলকাতার মানুষজন বছরে ফরেন লিকার-বিয়ারে খরচ করেন মাথা পিছু ৫৪৮ টাকা। সিকিমের লোক খরচ করে ৪ হাজার ২৩২ টাকা, অরুণাচলের বাসিন্দারা ৩ হাজার ৪৫৮ টাকা, তেলেঙ্গানার বাসিন্দারা ২ হাজার ৯২৬ টাকা। খরচের ক্ষমতা কম বলে বাংলা পিছিয়ে, এমন কথাও সমর্থন করছে না গবেষণা প্রতিষ্ঠানের তথ্য। কারণ, কম দামের দেশি মদের ক্ষেত্রেও পশ্চিমবঙ্গ বেশ পিছিয়ে। গ্রামে বছরে মাথা পিছু ২১৭ টাকা খরচ হয় এই খাতে। সেই জায়গায় ছত্তিশগড়ে ১ হাজার ৫৩ টাকা, অরুণাচলে ৯৮৯ টাকা, মণিপুরে ৯১৪ টাকা। শহরে দেশি মদে পশ্চিমবঙ্গ খরচ করে ১৪৫ টাকা, মণিপুরে ৬৯৪ টাকা আর পাঞ্জাবে ৬৩০ টাকা।
তাহলে কি বাংলা একেবারে নেশামুক্ত হয়ে গেল? রিপোর্ট বলছে, এখানেই টুইস্ট। মদে কিপটে হলেও, বিড়ি আর সিগারেটে বাংলা একেবারে ফার্স্ট বয়ের কাছাকাছি। শহরে বিড়ির পিছনে বছরে মাথাপিছু ১৬০ টাকা খরচ করে বাংলা। সেই সুবাদে তারা দেশে তিন নম্বরে। শুধু হরিয়ানা আর হিমাচল প্রদেশের পিছনে। গ্রামবাংলায় বিড়িতে ২৮০ টাকা খরচ হয়। অর্থাৎ পশ্চিমবঙ্গবাসী মদের চেয়ে বিড়ির নেশায় বেশি খরচ করে।  আগে আছে রাজস্থান (খরচ ৪৩৮ টাকা)। হরিয়ানায় এই খরচ ৪০২ টাকা। সিগারেটে শহরে বাংলার খরচ মাথা পিছু ৪৮৬ টাকা, গ্রামে ১৫৯ টাকা, যা সারা দেশের গড় (শহরে ২৭২ টাকা আর গ্রামে ১১৩ টাকা)-এর চেয়ে অনেক বেশি। তবে গুটখা বা জর্দার মতো নেশায় এখনও ততটা রপ্ত নয় পশ্চিমবঙ্গ। এক্ষেত্রে গ্রামে খরচ ১৪২ টাকা, শহরে ১৫০ টাকা। মধ্যপ্রদেশে এই হিসাব গ্রামে ৭৯২ টাকা, শহরে ৭৩৫ টাকা। নিন্দুকেরা বলছে, এখনও চায়ের দোকানে কয়েকটা বিড়ি সহযোগে কয়েক ঘণ্টার আড্ডা থেকে সরে আসেনি বাঙালি।
মজার বিষয়, নেশায় ঘাটতি থাকলেও নেশাদ্রব্য থেকে রাজস্ব আদায়ে তেমন পিছিয়ে নেই বাংলা। সিএজির হিসাবে, ২০২৪-২৫ অর্থবর্ষে পশ্চিমবঙ্গ মদ থেকে আবগারি বাবদ পেয়েছে ১৯ হাজার ৫২১ কোটি টাকা। চলতি অর্থবর্ষে এই খাতে প্রায় ২৫ হাজার কোটি টাকা রাজস্ব আসার কথা। রাজ্যে গড়ে দিনে মদ বিক্রি ৯০ থেকে ১০০ কোটি টাকার, উৎসবের সময় ১২৫ কোটি টাকা পর্যন্তও ওঠে।