মুম্বই: সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফিতে দুরন্ত ছন্দে বাংলা। পর পর দু’টি ম্যাচ জিতেছেন অভিমন্যু ঈশ্বরণরা। এই আবহে শুক্রবার মুম্বইয়ে মিজোরামের বিরুদ্ধে নামছে লক্ষ্মীরতন শুক্লার ছেলেরা। জয়ের হ্যাটট্রিকেই চোখ বঙ্গ ব্রিগেডের। আর এই গ্রুপের অন্যতম দুর্বল দল মিজোরাম। ৩ ম্যাচ পরেও জয়ের মুখ দেখেনি তারা। তাই জিততে অসুবিধা হওয়ার কথা নয় বাংলার। টুর্নামেন্টের শুরুটা যদিও মধুর হয়নি বাংলার। প্রথম ম্যাচে কর্ণাটকের কাছে হারতে হয়েছিল। সেই ব্যর্থতা ভুলে দুরন্ত প্রত্যাবর্তন করেছে বঙ্গ ব্রিগেড। ব্যাটিং বিভাগে অন্যতম ভরসা ক্যাপ্টেন অভিমন্যু। গত ম্যাচে অপরাজিত ৬১ রানের জয়সূচক ইনিংস উপহার দিয়েছিলেন তিনি। এছাড়া অভিষেক পোড়েলও রানের মধ্যে রয়েছেন। বোলিং বিভাগে বড়ো ভরসা মহম্মদ সামি। এছাড়া নিয়মিত উইকেট পাচ্ছেন মুকেশ কুমার, সায়ন ঘোষও।
খেলা শুরু দুপুর ১-৩০ মিনিটে।



