বঙ্গে ভোটার তালিকার সংশোধনী পর্ব স্থগিত, কারণ না দর্শিয়েই সিদ্ধান্ত কমিশনের, ২৩ নভেম্বর প্রকাশ হচ্ছে না খসড়া
  • ২১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি কলকাতা: ‌চাপের মুখে পিছু হটা? নাকি নেপথ্যে অন্য কোনো কারণ? পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা স্পেশাল সামারি রিভিশন (এসএসআর) আপাতত স্থগিত করে দিল জাতীয় নির্বাচন কমিশন। ২৩ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন থেকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার এই বিশেষ সংশোধন কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিকের দপ্তর বা সিইও অফিস একটি বিবৃতি জারি করে জানিয়েছে, ‘অনিবার্য পরিস্থিতিতে রাজ্যে এই কর্মসূচি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তবে ঠিক কোন পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত, তা উল্লেখ করা হয়নি। এদিন লিখিতভাবে সিইও অফিস জানিয়েছে, ‘২৩ নভেম্বর থেকে রাজ্যে এসএসআর শুরু হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য পরিস্থিতিতে তা আপাতত স্থগিত রাখা হচ্ছে। কবে থেকে এই কর্মসূচি শুরু করা হবে, পরবর্তীতে তা জানিয়ে দেওয়া হবে।’ স্বাভাবিকভাবেই তাই ২৩ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না। এছাড়াও ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ শেষে আগামী ১৬ জানুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা জানানো হয়েছিল, তাও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। 

Advertisement

ভোটার তালিকার বিশেষ সংশোধনী প্রক্রিয়ায় নতুন ভোটারের নাম তোলা, তালিকার সংশোধন, মৃত বা স্থানান্তরিত ভোটারের নাম বাদ দেওয়ার কাজ প্রতি বছরই হয়ে থাকে। এই কর্মসূচি আপাতত স্থগিত হয়ে যাওয়ায়, বিশেষত সদ্য ১৮ উত্তীর্ণ যুবক-যুবতীদের নাম নথিভুক্তি অনিশ্চিত হয়ে গেল। এসআইআর প্রক্রিয়া নিয়ে বিস্তর জলঘোলা হওয়ায় রিভিশন প্রক্রিয়ার আগে নির্বাচন কমিশন জানিয়েছিল, কোনো ভোটকেন্দ্রে মোট ভোটারের দুই শতাংশ বা তার বেশি নাম বাদ দেওয়ার প্রস্তাব এলে সিইও দপ্তর থেকে তা খতিয়ে দেখা হবে। নির্বাচনি আধিকারিককে নিজে তা যাচাই করতে হবে। এছাড়া, একই ব্যক্তি পাঁচটির বেশি আপত্তি জানালেও তা আলাদা করে খতিয়ে দেখা হবে। নিয়ম কিছুটা শিথিল করে কমিশন আরও জানিয়েছিল, এসএসআরের জন্য আধার কার্ড বাধ্যতামূলক নয়। মৃত বা স্থানান্তরিত ভোটারের নাম বাদ দেওয়ার জন্য নির্দিষ্ট পোর্টালে গিয়ে আপত্তি জানানো যাবে। পাশাপাশি, একটি পরিবারের সকল সদস্যের নাম যাতে ভোটার তালিকায় একসঙ্গে থাকে, সেজন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছিল কমিশন। কিন্তু ঠিক কোন কারণে এই কর্মসূচি শুরুর দিন দু’য়েক আগে তা হঠাৎ স্থগিত করে দেওয়া হল, তা পরিষ্কার নয়। বিশেষজ্ঞ মহল বলছে, এসআইআরে কারচুপির অভিযোগ এবং গোটা প্রক্রিয়ায় দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এমনিতেই তোলপাড় গোটা দেশ। এই পরিস্থিতিতে একটু মেপে পা ফেলতে চাইছে কমিশন।
এদিন এসএসআর কর্মসূচি পিছিয়ে দেওয়ার ফলে রাজ্যে আসন্ন কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন পুরভোটেও তার প্রভাব পড়তে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। কারণ, রাজ্য নির্বাচন কমিশন সাধারণত জাতীয় কমিশনের তালিকা অনুযায়ী ভোট করে থাকে। এর আগে ঠিক ছিল, ১২ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। তারপর সেই তারিখ পিছিয়ে করা হয় ২৩ নভেম্বর। আজকের পর ঠিক কোন ভোটার তালিকা অনুযায়ী রাজ্যে পুরভোট হবে, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। এরইমধ্যে হাইকোর্টের নির্দেশে কলকাতা পুরভোট ঘিরে জটিলতা তৈরি হয়েছে। হাওড়ার আসন পুনর্বিন্যাস নিয়েও নতুন মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। যাবতীয় আইনি জটিলতা কেটে গেলেও ভোট করানোর জন্য ভোটার তালিকা কিন্তু জরুরি।