ঝাড়খণ্ডকে হারাল বাংলা
  • ১৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে টানা দ্বিতীয় জয় বাংলার। চণ্ডীগড়ের পর বুধবার গতবারের চ্যাম্পিয়ন ঝাড়খণ্ডকে ৭ উইকেটে হারালেন অভিমন্যু ঈশ্বরণরা। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ঝাড়খণ্ড তুলেছিল ৭ উইকেটে ১৪৮। জবাবে ১৮.৪ ওভারেই জয়ের কড়ি তুলে নেয় লক্ষ্মীরতন শুক্লার ছেলেরা (১৪৯/৩)। সৌজন্যে, ৪৮ বলে অভিমন্যু ঈশ্বরণের অপরাজিত ৬১ রানের নায়কোচিত ইনিংস। এছাড়া ৪৯ রান করেন অভিষেক পোড়েলও।

Advertisement

বাংলার মুকেশ, সায়নদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শুরুটা ভালো করলেও মাঝপথে খেই হারায় ঝা‌ড়খণ্ড। টপ অর্ডারে শিখর মোহন (৪২), উৎকর্ষ সিং (২৩) ও বিরাট সিং (৪৫) রান পেয়েছেন। বাকি ক্যাপ্টেন অনুকুল রায় (১৭) ছাড়া বাকি কারোর স্কোর দু’অঙ্কের ঘরে পৌঁছায়নি। বাংলার হয়ে দু’টি করে উইকেট নিয়েছেন মুকেশ, সায়ন ও ঋষভ।
 জবাবে ব্যাট করতে নেমে বাংলাও ধাক্কা খেয়েছিল। ওপেনার করণ লালের ব্যাট থেকে ১০ রানের বেশি আসেনি। তবে ধাক্কা সামলে অভিষেক ও অভিমন্যু জয়ের পথ প্রশস্ত হয়। উল্লেখ্য টানা দু’টি জয়ে গ্রুপ এ-এর টেবিলে তৃতীয় স্থানে রয়েছে বাংলা। ৩ ম্যাচে সংগ্রহ ৮ পয়েন্ট।