Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাংলার ১৭ লক্ষ ভোটার বাতিলের দাবি শমীকের, ইন্টেনসিভ রিভিউয়ের আগেই তালিকা চূড়ান্ত বঙ্গ বিজেপির!

গত লোকসভা নির্বাচনেও তাঁরা ভোটাধিকার প্রয়োগ করেছিলেন। বছর ঘুরতে না ঘুরতে স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের (এসআইআর) খোঁচায় বিহারে বাদ পড়েছে এমন সাড়ে ৩৫ লক্ষ ভোটারের নাম।

বাংলার ১৭ লক্ষ ভোটার বাতিলের দাবি শমীকের, ইন্টেনসিভ রিভিউয়ের আগেই তালিকা চূড়ান্ত বঙ্গ বিজেপির!
  • ১৭ জুলাই, ২০২৫ ১১:০৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও কলকাতা: গত লোকসভা নির্বাচনেও তাঁরা ভোটাধিকার প্রয়োগ করেছিলেন। বছর ঘুরতে না ঘুরতে স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের (এসআইআর) খোঁচায় বিহারে বাদ পড়েছে এমন সাড়ে ৩৫ লক্ষ ভোটারের নাম।  লালু-নীতীশের রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা ঝাড়াই-বাছাইয়ের কাজ নিয়ে তুমুল বিতর্ক চলছে। সামনের বছর বিধানসভা নির্বাচন বাংলায়! আগামী মাস থেকে এরাজ্যেও শুরু হবে এসআইআর। তার আগেই বাংলার ঠিক কত সংখ্যক ভোটারের নাম বাদ দেওয়া হবে, সেব্যাপারে আগাম ঘোষণাও শুরু করে দিলেন গেরুয়া নেতারা। বঙ্গ বিজেপির নতুন সভাপতি শমীক ভট্টাচার্য বুধবার শিলিগুড়িতে ঘোষণা করেছেন—‘এবার বাংলার ভোটার তালিকা থেকে ১৭ লক্ষ ভুয়ো ভোটারের নাম বাদ দেওয়া হবে।’

Advertisement

কারা ভুয়ো, কারা প্রকৃত ভোটার—নির্বাচন কমিশন ঠিক করার আগেই পদ্মপার্টি কীভাবে তা বাছাই করল, এ নিয়েই শুরু হয়েছে তুমুল বিতর্ক। কমিশনের আড়ালে গেরুয়া শিবিরের এহেন ‘ওস্তাদি’ নিয়ে চরম ক্ষুব্ধ রাজ্যের শাসকদল। স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তোপ দেগেছেন, ‘নির্বাচন কমিশন যেন বিজেপির দালালি না করে। প্রত্যাশা তারা নিরপেক্ষভাবে কাজ করবে। বিহারে ৩০ লক্ষেরও বেশি মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। বাংলাতেও ওরা (বিজেপি) ষড়যন্ত্র করছে। কিন্তু ওদের মনে রাখা উচিত, এটা বাংলা। বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি ছাড়ব না!’
রাজনৈতিক মহলের খবর, ভোটার তালিকায় হিটলারি কায়দায় ‘এথনিক ক্লিনজিং’ করাই বিজেপির দীর্ঘদিনের পরিকল্পনা। অর্থাৎ যে বা যারা মোদি শিবিরকে সমর্থন করছে না, নানা অজুহাত খাড়া করে ভোটার তালিকা থেকে তাদের বাদ দেওয়া। তৃণমূলের রা‌জ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদারের কথায়, ভোট সমীক্ষক সংস্থা ‘এবিএম’কে দিয়ে রাজ্য‌জু঩ড়ে সমীক্ষা করিয়েছিল বিজেপি। এই সংস্থাকে ২০২১ এবং ২০২৪’এর নির্বাচনেও ওরা নামিয়েছিল। তারা যে সমীক্ষা রিপোর্ট জমা দিয়েছে, সেটাই নির্বাচন কমিশনে জমা দিয়েছে বিজেপি। সেই তালিকা ধরেই ১৭ লক্ষ মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার কথা আগাম ঘোষণা করেছেন বিজেপি নেতারা। জয়প্রকাশবাবুর মতে, ‘নির্বাচন কমিশনের আড়ালের পদ্মপার্টির আগ্রাসন শুরু হচ্ছে বাংলায়।’ 
নিজেদের মতো করে ভোটার তালিকা তৈরি করার বিষয়টি নিয়ে কোনও ‘রাখঢাক’ করেননি বঙ্গ বিজেপির সভাপতি। তিনি বলেন, ‘১৭ লক্ষ ভুয়ো ভোটারের তালিকা নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে। এরা সবাই বাদ যাবে। এতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন, নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ঘুরপথে এনআরসি করছে বিজেপি, তাহলে আমাদের কিছু করার নেই। নির্বাচন কমিশন যেভাবে বিহারে ভুয়ো ভোটার, বিদেশি ভোটার, রোহিঙ্গা ভোটার চিহ্নিত করেছে, সেটা বাংলাতেও হবে। পাহাড় থেকে সমতল, সর্বত্র মানুষ এটাই চাইছে!’   

Advertisement
সম্পর্কিত সংবাদ