নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: রাজ্যে ক্ষমতার পালাবদল হয়েছে। কিন্তু নতুন শাসকদলকে ঘিরে অভিযোগ থামছে না। পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজি, প্রভাব খাটানো এবং জরিমানা আদায়ের অভিযোগ সামনে আসছে। সম্প্রতি বিধানসভা নির্বাচনে এই জেলার বেশিরভাগ আসনে জয় পেয়ে বিজেপি। আদি ও নব্য বিজেপির দ্বন্দ্ব এখন জেলার রাজনৈতিক মহলের অন্যতম চর্চার বিষয় হয়ে উঠেছে।
রাজনৈতিকভাবে পশ্চিম মেদিনীপুর বরাবরই রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা। একসময় কেশপুর, গড়বেতা সহ বিস্তীর্ণ এলাকা ছিল সিপিএমের ঘাঁটি। এই জেলার সংগঠন থেকেই রাজ্যের বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হত। ২০১১সালে তৃণমূল ক্ষমতায় আসে। আর ২০১৪সাল থেকেই পশ্চিম মেদিনীপুর তৃণমূলের অন্যতম শক্ত ঘাঁটি হিসাবে পরিচিতি পায়। দীর্ঘদিন ক্ষমতায় থাকাকালীন তৃণমূলের একাংশের বিরুদ্ধে জমি দখল, তোলাবাজি, সরকারি জমি বিক্রি, কাটমানি সহ একাধিক অভিযোগ সামনে এসেছিল। বিরোধীরা সেই অভিযোগকে হাতিয়ার করে আন্দোলন গড়ে তোলে। গত বিধানসভা নির্বাচনে জেলার বেশিরভাগ আসন সহ রাজ্যের শাসনক্ষমতা দখল করে বিজেপি। কিন্তু শাসক বদল হলেও অভিযোগ একইরকম রয়েছে।জেলার বিভিন্ন এলাকায় বিজেপি নেতা-কর্মীদের একাংশের বিরুদ্ধে জরিমানার নামে টাকা আদায়, চাঁদা তোলা ও সাধারণ মানুষের উপর প্রভাব খাটানোর অভিযোগ উঠছে। সেইসঙ্গে দলের অন্দরে পুরনো ও নতুন নেতৃত্বের মধ্যে মতবিরোধও প্রকাশ্যে আসছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দ্রুত বাড়তে থাকা সংগঠনে শৃঙ্খলা বজায় রাখাই এখন বিজেপির বড় চ্যালেঞ্জ। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতা বলেন, দলের অনেক নেতার বিরুদ্ধে অভিযোগ উঠছে। নব্য বিজেপিদের বিরুদ্ধে অভিযোগ সবচেয়ে বেশি। জরিমানা ও চাঁদার নামে টাকা তোলা হচ্ছে। এখন সবাই নেতা। স্থানীয় নেতাদের উপর দলের কড়া নিয়ন্ত্রণ থাকা দরকার। অনেককে অবশ্য দলের তরফে শো’কজ করা হচ্ছে। জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাস বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে বলে শোনা যাচ্ছে, তারা কেউ বিজেপির সঙ্গে যুক্ত নন। ৪মে দল জেতার পর নতুন করে কাউকে বিজেপিতে নেওয়া হয়নি। কেউ যদি দলের নাম ভাঙিয়ে কোনো বেআইনি কাজ করে, তার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূল নেতা মহম্মদ রফিক বলেন, তোলাবাজি বা অনৈতিকভাবে টাকা আদায় সমর্থনযোগ্য নয়। নবনির্বাচিত সরকার এসমস্ত অভিযোগ গুরুত্ব দিয়ে দেখে তাড়াতাড়ি ব্যবস্থা নেবে বলেই আমরা আশাবাদী।