নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বালির দাম অগ্নিমূল্য। বন্ধ হয়ে যাচ্ছে ছোট নির্মাণ কাজ। কাজ হারাচ্ছেন রাজমিস্ত্রি ও লেবাররা। এই অভিযোগ তুলে শুক্রবার বিএলএলআরও অফিস ঘেরাও অভিযান করল সিপিএম। এদিন কুলটিতে জিটি রোডের উপর মিছিল হয়। বাম কর্মী-সমর্থকরা বিএলএলআরও অফিস যান। সেখানে বালির দাম কমানো, পুকুর ভরাটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি যুক্ত স্মারকলিপি আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়। সিপিএমের প্রাক্তন এমপি বংশগোপাল চৌধুরী বলেন, বেপরোয়াভাবে শিল্পাঞ্চলে জমি লুট হয়েছে। আমরা তার বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছি। বালির দামও নিয়ন্ত্রণে রাখতে হবে।



