Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়ে বাবার মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়ে বাবার মৃত্যু
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রামপুরহাট: মল্লারপুর থানার ডুমরো গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে এসে মৃত্যু হল বাবার। পুলিস জানিয়েছে, মৃতের নাম মনিলাল মার্ডি(৬৪)। তিনি অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মী। বুধবার সন্ধ্যায় বাড়িতে নবনির্মিত রান্নাঘরে তাঁর ছোট ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। ছেলের চিৎকার শুনে মনিলালবাবু দৌড়ে ছেলেকে জড়িয়ে ধরে বাঁচানোর চেষ্টা করেন। এরই মধ্যে পরিবারের লোকজন মেন সুইচ বন্ধ করে দিলে বাবা ও ছেলে দু’জনেই পড়ে যান। মনিলালবাবু সংজ্ঞা হারান। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ রামপুরহাট মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Advertisement
মৃতের বড় ছেলে অর্জুন মার্ডি বলেন, নতুন রান্নাঘর তৈরি হয়েছে। সেখানে এখনও ওয়ারিং করা হয়নি। বাড়ির অন্যরুমের ইলেক্ট্রিক বোর্ডের প্লাগ থেকে তার সংযোগ করে রান্নাঘরে আলো জ্বালানোর ব্যবস্থা করা হয়েছিল। সেই তার ঝুলেছিল। ভাই স্টিলের একটি রড নিয়ে রান্নাঘরে ঢোকার সময় কোনওভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তার চিৎকার শুনে দৌড়ে গিয়ে ভাইকে জড়িয়ে ধরে বাঁচানোর চেষ্টা করলে বাবাও বিদ্যুৎস্পৃষ্ট হয়। তড়িঘড়ি বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলে দু’জনেই মেঝেয় পড়ে যায়। ভাইয়ের কিছু না হলেও বাবা অসাড় হয়ে পড়ে। হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে জানিয়ে দেন। পুলিস জানিয়েছে, মৃত বৃদ্ধর শরীরে বিদ্যুতের শক লাগার কোনও চিহ্ন নেই। ছেলেকে বাঁচাতে গিয়ে তাঁর এই পরিণতি। ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ