সংবাদদাতা, ঝাড়গ্রাম: ফের ঝাড়গ্রামের মুকুটে নতুন পালক। এবার বিদ্যাসাগর সায়েন্স ওলিম্পিয়াড পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান অধিকার করলেন ঝাড়গ্রামের নয়াগ্রাম ব্লকের পাতিনা এসসি হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র সাগ্নিক চৌধুরী। ঝাড়গ্রাম জেলাজুড়ে খুশির হাওয়া। সাগ্নিকের এই সাফল্যে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে অভিনন্দনের ঝড় উঠেছে। তার এই প্রাপ্তিতে খুশি তার পরিবার ও তার স্কুলের শিক্ষক শিক্ষিকারা।
Advertisement
বিদ্যাসাগর সায়েন্স ওলিম্পিয়াড পরীক্ষার মাধ্যমে নবম শ্রেণির পড়ুয়াদের মেধা যাচাই করা হয়। ব্লক, জেলা ও রাজ্য এই তিনটি স্তরে এই পরীক্ষা নেওয়া হয়। পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা বিভাগের মাধ্যমিক শাখার উদ্যোগে ও কলকাতার জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চের ব্যবস্থাপনায় প্রতিবছর এই পরীক্ষা নেওয়া হয়। ঝাড়গ্রাম জেলার ৮টি ব্লকের ৮টি কেন্দ্রে গত ২৩ জুন প্রথম স্তরের এই পরীক্ষা হয়। এবছর জেলা থেকে ৭৭৬ পড়ুয়া এই পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেন। পরীক্ষায় বসেছিলেন ৬৫২ জন পড়ুয়া। ঝাড়গ্রামের কুমুদকুমারী ইনস্টিটিউশনে গত ২৫ আগস্ট দ্বিতীয় ও গত ২২ সেপ্টেম্বর তৃতীয় স্তরের এই দু’টি পরীক্ষা নেওয়া হয়। গত ২২ নভেম্বর এই পরীক্ষার রাজ্যস্তরীয় ফল প্রকাশিত হয়েছে। তাতে প্রথম স্থান অধিকার করেছে সাগ্নিক। এছাড়া ৭৪ তম স্থানে রয়েছেন ঝাড়গ্রামের কুমুদকুমারী ইনস্টিটিউটিশনের নবম শ্রেণির ছাত্র দিব্যরূপ পাল। জানা গিয়েছে, রাজ্য স্তরে সফল ১০০ জন পড়ুয়াকে ২ বছরের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তর থেকে মাসিক ১০০০ টাকা স্কলারশিপ হিসেবে প্রদান করা হয়। সেই সাথে বাৎসরিক ২৫০০ টাকা করে বুক গ্র্যান্ট হিসেবে দেওয়া হয়।সাফল্যের জন্য ঝাড়গ্রাম জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষের পক্ষ থেকে সাগ্নিকের বাড়ি গিয়ে তাকে সংবর্ধনা দেওয়া হয়। পেশায় স্কুল শিক্ষক সাগ্নিকের বাবা সমুদ্র চৌধুরী বলেন, আমার একমাত্র ছেলে সাগ্নিকের এই প্রাপ্তিতে আমরা ভীষণ খুশি। সাগ্নিক বলে, ব্লক ও জেলাস্তরের দু’টি পরীক্ষাতেও আমি প্রথম হয়ে ছিলাম। রাজ্যস্তরের পরীক্ষাটি লিখিত আকারে হয়েছে। পরীক্ষা খুবই ভালো দিয়েছিলাম। প্রথম স্থান অধিকার করতে পেরে খুবই ভালো লাগছে। ঝাড়গ্রাম জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুমন সাহু বলেন, সাগ্নিকের এই সাফল্যে আমরা ভীষণ খুশি। পাতিনা এসসি হাইস্কুলের প্রধান শিক্ষক মানস কুমার মাইতি বলেন, সাগ্নিকের সাফল্য আমাদের কাছে গর্বের বিষয়। তার কাছে আমাদের অনেক কিছু প্রত্যাশা রয়েছে।



