Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিদ্যালয়গুলির পরিচালন সমিতির প্রশাসনে কারা, তৃণমূলে জল্পনা তুঙ্গে

বিদ্যালয়গুলির পরিচালন সমিতির প্রশাসনে কারা, তৃণমূলে জল্পনা তুঙ্গে
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, করিমপুর: দিন কয়েক আগে করিমপুরের প্রত্যেকটি স্কুল পরিচালন কমিটি ভেঙে দেওয়া হয়েছে এবং সব জায়গায় অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করা হয়েছে। আগামী দিনে ওইসব স্কুলের নতুন পরিচালন কমিটিতে কারা থাকবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে তৃণমূলে। জানা গিয়েছে, ২০১৪ সাল থেকে তৎকালীন জেলা তৃণমূল সভাপতি প্রয়াত গৌরীশংকর দত্তের উদ্যোগে একটা ব্যবস্থা চলে আসছে। স্কুল পরিচালন সমিতির সভাপতি ও দু’জনের নামের তালিকা তিনিই দিতেন। সেভাবেই গঠিত হতো এলাকার প্রত্যেকটি স্কুলের পরিচালন সমিতি। তবে ২০২২ সালে জেলা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় নতুন করে স্কুল পরিচালন কমিটি গঠন হলেও করিমপুর বিধানসভায় তৃণমূলের গোষ্ঠীকোন্দলে পরিচালন কমিটি গঠন হওয়া বাকি ছিল। এবছরের ১৭ জানুয়ারি শিক্ষা দপ্তরের নির্দেশে পুরনো স্কুল কমিটিগুলোকে ভেঙে দেওয়া হয় এবং ৪ ফেব্রুয়ারি থেকে সেখানে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগের কথা স্কুলগুলোকে জানিয়ে দেওয়া হয়। 
Advertisement
তৃণমূলের দলীয় সূত্রে জানা গিয়েছে, বছর তিনেক আগে তৃণমূলের দুই শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে বিধায়ক বিমলেন্দু সিংহরায় ও তাঁর বিরোধী শিবির থেকে পরিচালন সমিতির সভাপতি ও দুই শিক্ষা অনুরাগীর পৃথক নাম পাঠানো হয়েছিল। যে কারণে আশপাশের বিধানসভাগুলিতে শিক্ষা দপ্তর থেকে নামের তালিকা এলেও করিমপুর বিধানসভাতে সেই তালিকা আসেনি। তৃণমূলের করিমপুর ১ ব্লক যুব তৃণমূল সভাপতি সৌমিক সরকার বলেন, একসময় নিজেদের মধ্যে কিছু মতপার্থক্য ছিল। কিন্তু এখন দলের সকলেই একজোট। খুব শীঘ্র স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করে উচ্চ নেতৃত্বের নির্দেশমতো নতুন করে পরিচালন সমিতির সদস্যদের তালিকা তৈরি করা হবে। যদিও সহমতের ভিত্তিতে তালিকা তৈরির কথা বলা হলেও কয়েক দিন আগে যমশেরপুর বিএনহাই স্কুলের নতুন পরিচালন সমিতির সভাপতি ও দুই সদস্যের নাম মনোনয়ন হওয়া নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। 
এব্যাপারে যমশেরপুর অঞ্চলের তৃণমূলের কর্মী সমর্থকরা জানান, এলাকার দলের নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা না করেই দলের প্রাক্তন ব্লক সভাপতি অনন্ত কুমার বিশ্বাসকে স্কুল পরিচালন সমিতির সভাপতির পদ থেকে সরিয়ে প্রতাপ রায়কে সভাপতি করা হয়েছে। তাহলে কার সুপারিশে যমশেরপুর উচ্চ বিদ্যালয়ে নতুন সভাপতি ও ২ সদস্য মনোনীত হলেন। করিমপুরের তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায় বলেন, একসময় মতভেদের কারণে দু’টি তালিকা গিয়েছিল ঠিকই, তবে এখন দলে কোনও মতভেদ নেই। সকলের সঙ্গে আলোচনা করেই ঠিক করা হবে। তবে যমশেরপুর উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি ও ২ সদস্য কীভাবে মনোনীত হলেন, তা আমার জানা নেই। বিষয়টি নিয়ে খোঁজখবর করে দেখব।
Advertisement
সম্পর্কিত সংবাদ