Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিদেশে যাওয়ার জন্য জাল টিকিট, গ্রেপ্তার প্রতারক

বিদেশে যাওয়ার জন্য জাল টিকিট, গ্রেপ্তার প্রতারক
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কান্দি: প্লেনের জাল টিকিট দেওয়ায় কথা পুলিসি জেরায় স্বীকার করেছে সালারের ধৃত প্রতারক। ধৃতের নাম শেখ শামিম। সালার থানার কুলুরি গ্রামের বাসিন্দা শামিমকে সোমবার রাতে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাকে কান্দি মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তিনদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। এরপর বুধবার সন্ধ্যায় ঘটনার পুননির্মাণের সময় ধৃত জাল টিকিট দেওয়ার কথা স্বীকার করে বলে দাবি পুলিসের।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা শাহানুর শেখ ও আনারুল শেখ গত সোমবার সালার থানায় ধৃতের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন। অভিযোগ, কাজের জন্য সৌদি আরবে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে তাঁদের দু’জনের থেকে দু’লক্ষ টাকা নিয়েছিল ধৃত শামিম। দমদম এয়ারপোর্টে গিয়ে তাঁরা জানতে পারেন, প্লেনের যে টিকিট দেওয়া হয়েছিল সেটি জাল। এরপর তাঁরা বাড়ি ফিরে এসে শামিমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেন। পুলিস শামিমকে গ্রেপ্তার করে।
বুধবার সন্ধ্যায় ধৃতকে তার বাড়িতে নিয়ে গিয়ে ঘটনার পুননির্মাণ করে পুলিস। সেইসময় ধৃত যুবক ঘরের কোথায় জাল টিকিট রেখেছিল তা দেখায়। এদিন পুলিস ধৃতের বাড়ি থেকে দু’টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছে। বৃহস্পতিবার ফের ধৃতকে কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ