সংবাদদাতা, বহরমপুর: স্বামী বিদেশ থেকে ফিরে আসতে রাজি না হওয়ায় বিয়ের দশ মাসের মধ্যে আত্মঘাতী হলেন বধূ। রবিবার দুপুরে স্বামীর সঙ্গে মোবাইলে বচসার পরই অভিমানে বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে দেখতে পাওয়ায় তড়িঘড়ি হাসপাতালে আনা হয়। রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় ওই বধূর। মৃতের নাম আসমিনা খাতুন(১৯)। ঘটনাটি ঘটেছে শ্বশুরবাড়ি কান্দি থানার চাঁদনগরে। কান্দি থানার পুলিস জানিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।
Advertisement
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, দশ মাসে আগে চাঁদনগরের সাদিকুল শেখের সঙ্গে লাগোয়া গ্রাম দুর্গাপুরের বাসিন্দা আসমিনা খাতুনের বিয়ে হয়। বিয়ের এক মাস পর সাদিকুল শেখ তিন বছরের ভিসা নিয়ে কাজের জন্য সৌদি আরব যান। তারপর থেকেই আসমিনা খাতুন স্বামীকে ফোন করে বারবার বাড়ি আসার জন্য অনুরোধ করতেন। রবিবার দুপুর ১২টা নাগাদ বাড়ির অন্যরা গ্রামে ধর্মীয় জলসা শুনতে গিয়েছিলেন। সেইসময় স্বামীকে ফোন করে মন খারাপ করছে বলে বাড়ি ফেরার জন্য অনুরোধ করেন। বিদেশ থেকে সাদিকুল ফোনে স্ত্রীকে বারবার বোঝানোর চেষ্টা করেন। পরিবারের দাবি, এই নিয়ে দুজনের মধ্যে বচসা হয়ে থাকতে পারে। আর তাতেই অভিমানে গলায় ফাঁস দেন। প্রতিবেশী এক মহিলা দেখতে পেয়ে লোকজন ডেকে সঙ্গে সঙ্গে দড়ি কেটে নামান। পরিবারের লোক উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। মৃতের কাকা ভুটু শেখ বলেন, জামাই কাজের জন্যই সৌদি গিয়েছে। ভাইজির অল্প বয়স। স্বামীকে কাছে পেতেই ফিরে আসার জন্য জোরাজুরি করত।



