Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিদেশে চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা খড়দহে গ্রেপ্তার তেহট্টের যুবক

বিদেশে চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা খড়দহে গ্রেপ্তার তেহট্টের যুবক
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তেহট্ট: বিদেশে চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় কোটি  টাকা আত্মসাতের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল তেহট্ট থানার পুলিস। তপন কুমার রায় নামে ওই যুবকের বিরুদ্ধে তেহট্ট থানায় ডিসেম্বর মাসে  লিখিত অভিযোগ দায়ের করেন প্রতারিতরা। অভিযুক্ত যুবক পলাতক ছিল। অভিযুক্তের বাড়ি তেহট্ট থানার বেতাই সন্ন্যাসীতলায়। পুলিস তাঁকে খুঁজছিল। রবিবার রাতে খড়দহ থানার পুলিস তাঁকে গ্রেপ্তার করে। সেখান থেকে তেহট্ট থানার পুলিস তাঁকে নিয়ে আসে। সোমবার তাঁকে তেহট্ট আদালতে তোলা হয়। 
Advertisement
পুলিস ও প্রতারিতদের সুত্রে জানা গিয়েছে, তপন কুমার রায় ডেনমার্কে চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে  বেতাই ও আশেপাশের এলাকার প্রায় ৭০  জন যুবকের কাছ থেকে  আশি হাজার টাকা থেকে এক লক্ষ টাকা নেয়। ভিসা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ওই ৭০ জনের পাসপোর্ট তাঁর কাছে জমা রাখে । এরপর ডিসেম্বর মাসের  ১৫ তারিখ তাঁদের ভিসা দেওয়র কথা ছিল। কিন্তু সেদিন অভিযুক্ত প্রত্যেককে ২০ তারিখ ভিসা দেওয়া হবে বলে জানায়। এরমধ্যে ২০ তারিখ বিকাল বেলা অভিযুক্ত কাউকে কিছু না বলে বাড়িতে তালা লাগিয়ে পালিয়ে যায়। ২১ তারিখে অভিযুক্তের বাড়িতে গিয়ে কর্মপ্রার্থীরা দেখে বাড়ি তালা বন্ধ। এরপর  তাঁরা বুঝতে পারেন যে অভিযুক্ত তাঁদের সঙ্গে প্রতারণা করেছে। তারপরেই তাঁরা থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিস তদন্ত শুরু করে। এরমধ্যে টিটাগর ডাকঘরে তেহট্ট এলাকার ৪৯ টি পাসপোর্ট পাওয়া যায়। সেই সব পাসপোর্ট জাল কি না তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। টিটাগর ডাকঘর খড়দা থানায় বিষয়টি দেখার জন্য বলে। সেইমতো খড়দা থানা তেহট্ট থানাকে বিষয়টি জানায়। এরমধ্যে থানায় লিখিত অভিযোগ জমা পড়ায় পুলিসের তদন্ত সহজ হয়। অভিযুক্ত তপন রায় যাদের পাসপোর্ট জমা নিয়েছিল সেই পাসপোর্ট তাঁদের ঠিকানায় পাঠানোর জন্য টিটাগরের কোনও জায়গা থেকে পোষ্ট করা হয়েছিল। পুলিস সুত্রে আরও জানা গিয়েছে, ওই পাসপোর্টের সঙ্গে বাংলাদেশের কোনও যোগ পাওয়া যায় নি। এই প্রতারণার ঘটনায় অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু করেছিল পুলিস । অবশেষে খড়দহ থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিস। 
Advertisement
সম্পর্কিত সংবাদ