Bartaman Logo
১০ জুন, ২০২৬

বদ্রীনাথে তুষারধসে জখম ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৫ শ্রমিককে ঘিরে বাড়ছে উদ্বেগ

বদ্রীনাথে তুষারধসে জখম ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৫ শ্রমিককে ঘিরে বাড়ছে উদ্বেগ
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
দেরাদুন, ১ মার্চ: বদ্রীনাথে তুষারধসে জখম আরও তিন শ্রমিকের মৃত্যু হয়েছে শনিবার। যার ফলে মোট সংখ্যা বেড়ে হল চার। সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা এপি এমনই জানিয়েছে। এছাড়া বরফের স্তূপে চাপা পড়ে যাওয়া আরও পাঁচ শ্রমিকের এখনও কোনও খোঁজ নেই। স্বাভাবিকভাবে সময় যত বাড়ছে ততই বাড়ছে উদ্বেগ। সমস্ত রাস্তা বন্ধ থাকায় উদ্ধারকাজে ব্যবহার করা হচ্ছে ছ’টি হেলিকপ্টার। আজ, শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি। আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে সমস্ত চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি। উদ্ধারকাজ নিয়ে খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুখ্যমন্ত্রী ধামির সঙ্গে টেলিফোনে কথা হয় তাঁর।
Advertisement
গতকাল, শুক্রবার সাতসকালে বদ্রীনাথ মন্দির থেকে মাত্র ছ’কিমি দূরে, চামোলি জেলার মানা গ্রামের কাছে সেই তুষারধসে চাপা পড়ে যান বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও)-এর ৫৫ জন শ্রমিক। খবর পেয়েই তড়িঘড়ি উদ্ধারকাজে নামে ভারতীয় সেনাবাহিনী। ডাকা হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। রাতভর চলে উদ্ধারকাজ। এদিন সকালে আকাশপথে বিপর্যস্ত এলাকা পরিদর্শন করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। যোশীমঠে গিয়ে দেখা করেন দুর্ঘটনায় জখম বিআরও কর্মীদের সঙ্গে। পরে দেরাদুনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধামি বলেন, ‘দুর্ঘটনাস্থলে মোট আটটি কন্টেনার ছিল। তার মধ্যে পাঁচটি কন্টেনারের খোঁজ মিলেছে। একটি কন্টেনার থেকে উদ্ধার করা হয়েছে ১৪ জনকে। বাকি তিনটি কন্টেনারের সন্ধানে সমস্ত চেষ্টা করা হচ্ছে।’ এদিকে, সেনাবাহিনীর ব্রিগেডিয়ার এম এস ধিলোঁ জানিয়েছেন, এদিন সকালে বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ