দেরাদুন: বদ্রীনাথ বিপর্যয়ের ঘটনায় আর কোনও বিআরও কর্মী আটকে নেই। রবিবার সন্ধ্যায় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে। গত শুক্রবার বদ্রীনাথের কাছে মানা গ্রামে তুষারধস আছড়ে পড়ে বিআরও ক্যাম্পে। সেইসময় আটটি কন্টেইনার ও ছাউনিতে ৫৪ জন কর্মী ছিলেন। শুক্রবারই বরফের নীচ থেকে ৫০ জনকে উদ্ধার করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় শনিবার চারজনের মৃত্যু হয়েছিল। বাকি চারজনের খোঁজে জোর তল্লাশি চলছিল। তাঁদের খোঁজ পেতে সকাল থেকেই স্নিফার ডগ, থার্মাল ইমাজিং ক্যামেরা ও হেলিকপ্টারের সাহায্য নেওয়া হয়। যদিও ওই চার কর্মীর কাউকেই জীবিত অবস্থায় উদ্ধার করা যায়নি। সবমিলিয়ে উত্তরাখণ্ডে বিপর্যয়ে প্রাণ হারালেন আটজন।
Advertisement
এর আগে এদিন উত্তরাখণ্ডের স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টারে গিয়ে উদ্ধার কাজের ব্যাপারে খোঁজ নেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি জানান, নিখোঁজ কর্মীদের উদ্ধারে থার্মাল ইমেজিং ক্যামেরা, ভিক্টিম লোকেটিং ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। এছাড়া, ঘটনাস্থলে গ্রাউন্ড পেনিট্রেটিং রেডারের (জিপিআর)-এর মতো অত্যাধুনিক সিস্টেমও মোতায়েন করা হয়েছে। সোমবার ফের আবহাওয়া খারাপ হতে পারে। তাই রবিবারের মধ্যেই বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে। উল্লেখ্য, প্রথমে ওই ক্যাম্পে ৫৫ জন বিআরও কর্মী রয়েছেন বলে মনে করা হয়েছিল। কিন্তু, পরে জানা যায়, একজন কর্মী ছুটি নিয়ে বাড়িতে গিয়েছিলেন। তিনি সুস্থই আছেন। সেনার চিকিৎসকরা জানিয়েছেন, মোট ৪৬ জনকে যোশীমঠের সেনা হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। একজন মেরুদণ্ডে চোট পাওয়ায় উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে হৃষিকেশ এইমস হাসপাতালে পাঠানো হয়েছে।



