Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিডিও’র নির্দেশের পরও আট মাইল হাটে যত্রতত্র আবর্জনা

বিডিও’র নির্দেশের পরও আট মাইল হাটে যত্রতত্র আবর্জনা
  • ২৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: বিডিও’র নির্দেশের পরও আট মাইল হাটে যত্রতত্র নোংরা পড়ে থাকছে। গত ২৫ অক্টোবর পুরাতন মালদহ ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতি আট মাইল হাটে প্লাস্টিক বর্জন নিয়ে সচেতনতামূলক উদ্যোগ নেয়।
Advertisement
বিডিও সেঁজুতি পাল মাইতি, স্থানীয় গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ সহ ব্লক প্রশাসনের আধিকারিকেরা হাটের যত্রতত্র নোংরা দেখে উদ্বেগ প্রকাশ করেন। ব্যবসায়ীদের নির্দিষ্ট স্থানে নোংরা রাখতে সতর্ক করে দেন। সেই অভিযানের একমাস পরও হাটে যত্রতত্র আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্লাস্টিকের কাপ থেকে একাধিক বর্জ্য  হাটের রাস্তা সহ একাধিক জায়গায় ফেলে দেওয়া হচ্ছে। যেখানে-সেখানে আবর্জনা পড়ে থাকায় মশা, মাছির উপদ্রব বাড়ছে। 
হাট কমিটির দাবি, হাটের ব্যবসায়ীদের অনেকবার বলা হয়েছে, তাঁদেরও সতর্ক হতে হবে। হাটের নিকাশিনালা, আলোর সমস্যা রয়েছে। সেগুলি প্রশাসনের দেখা উচিত। বিডিও সেঁজুতি পাল মাইতি বলেন, আমরা স্থানীয় গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের নজরে বিষয়গুলি আনব। বিষয়টি নিয়ে ভাবুক গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রভুনাথ দুবেকে একাধিকবার ফোন করা হলেও ধরেননি। মেসেজের উত্তর দেননি। গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ জানিয়েছে, আবর্জনার বিষয়টি খতিয়ে দেখা হবে।
১২ নম্বর জাতীয় সড়কের ধারে আট মাইলে সোমবার এবং শুক্রবার হাট বসে। ওই হাটে মাছ, মাংস, চা, সব্জি সহ পাঁচশোর বেশি দোকান রয়েছে।  ব্যবসায়ীদের আবর্জনা যত্রতত্র ফেলা হচ্ছে বলে অভিযোগ। 
অঞ্জনা গুপ্ত নামে এক বধূ হাটে চায়ের দোকান করেন। তিনি বলেন, নোংরা ছড়িয়ে ছিটিয়ে থাকছে। তবে আমরা হাট শেষে এক জায়গায় করে পুড়িয়ে দিই। 
এক ব্যবসায়ী বলেন, হাট কমিটি নোংরা ফেলার পাত্র দেয় না। দিলে সেই পাত্রে রাখব। আট মাইল হাট কমিটির সম্পাদক প্রফুল্ল সরকার বলেন, এই হাট সবার। হাটকে পরিষ্কার রাখতে সবাইকে দায়িত্ব নিতে হবে। আমাদের সাফাই কর্মীরা আবর্জনা পরিষ্কার করেন। হাটের পরিকাঠামোর আরও উন্নতি দরকার।
 
সম্পর্কিত সংবাদ