সংবাদদাতা, কাঁথি: আবাস যোজনার সমীক্ষায় স্বচ্ছতা আনতে হবে। সাম্প্রতিক অতিবৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষিক্ষেত্র এবং রাস্তাঘাটের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। এরকম একগুচ্ছ দাবিতে বুধবার জেলার প্রতিটি বিডিও অফিস ও পুরসভায় ডেপুটেশন দিল জাতীয় কংগ্রেস। এদিন কাঁথি, খেজুরি, এগরা, রামনগর, পটাশপুর, ভগবানপুর সহ জেলার সর্বত্র বিডিও অফিসগুলিতে ও চারটি পুরসভায় ডেপুটেশন দেওয়া হয়। কংগ্রেস নেতারা বলেন, আবাস যোজনার চূড়ান্ত তালিকা নিয়ে সার্ভে চলছে। যে তালিকা নিয়ে রাজ্য প্রশাসন সার্ভে করছে, সেখানে মাটির বাড়িতে বসবাস করেন, এমন গরিব মানুষের নাম নেই। বহু পাকাবাড়ি থাকা অবস্থাপন্ন মানুষের নাম আছে। নিরপেক্ষ তদন্ত করে যোগ্য প্রাপকদের নাম নথিভুক্ত করার ব্যবস্থা করতে হবে। জেলা কংগ্রেস সভাপতি মানস করমহাপাত্র বলেন, প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দেওয়া হয়েছে।



