সংবাদদাতা, নাগরাকাটা: বকেয়া সাম্মানিক প্রদানের দাবিতে সোমবার বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত মেটেলি বিডিও অফিসে ধর্নায় বসলেন প্রাক্তন পঞ্চায়েত সদস্য ও সদস্যারা। ইনডং মাটিয়ালি গ্রাম পঞ্চায়েতের গত বোর্ডের পঞ্চায়েত সদস্য ও সদস্যারা এই বিক্ষোভ করেন। যদিও মেটেলির জয়েন্ট বিডিও সৌরভ গাতাইতের সঙ্গে আলোচনার পর ধর্না কর্মসূচি তুলে নেন তাঁরা। তাঁদের অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার বিডিও সহ প্রশাসনকে জানিয়েও কোনও কাজ হয়নি। তাই বাধ্য হয়ে এদিন তাঁরা বিডিও অফিসে ধর্নায় বসেন। আন্দোলনকারী লালিমা কর বলেন, ১৭মাসের আমাদের সাম্মানিক বকেয়া রয়েছে। বহুবার প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি। তাই বাধ্য হয়েই এদিন ধর্নায় বসতে হল। যদিও জয়েন্ট বিডিও বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে বকেয়া সাম্মানিক দেওয়ার ব্যবস্থা করা হবে।



