নিজস্ব প্রতিনিধি, তমলুক: জয়েন্ট বিডিও এবং পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার নিখোঁজ। স্বাধীনতা দিবসে থানায় গিয়ে তাঁদের ঠিকানা দিয়ে ‘মিসিং ডায়েরি’ করলেন বিডিও। পটাশপুর-১ ব্লকের ওই ঘটনায় প্রশাসনিক মহলে তোলপাড় শুরু হয়। বিডিওর প্যাডে মিসিং ডায়েরির কপি নিমেষে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তারপরই হইচই শুরু হয়ে যায়। জয়েন্ট বিডিও রিমা পাত্র এবং পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার(পিডিও) রামচন্দ্র মাজি ফোনে জানান, তাঁরা কেউই নিখোঁজ নন। সরকারি ছুটি উপলক্ষ্যে বাড়িতে গিয়েছেন। মোবাইলও বন্ধ রাখা হয়নি। শনিবার পটাশপুর-১ বিডিও বিধানচন্দ্র বিশ্বাস বলেন, জয়েন্ট বিডিও এবং পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার দু’জনের সঙ্গে যোগাযোগ হয়েছে। ‘মিসিং ডায়েরি’ প্রত্যাহার করা হয়েছে। ১৫আগস্ট থেকে ১৭পর্যন্ত টানা তিনদিন সরকারি ছুটি। সেই ছুটিতে বাড়ি যাওয়া নিয়ে ১৪আগস্ট বিকেলে ব্লক প্রশাসনিক ভবনেই বিডিওর সঙ্গে সংঘাত বাধে জয়েন্ট বিডিও এবং পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসারের। সরকারি ছুটিতে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ছেড়ে যাওয়া যায় না। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ এবং ভোটার তালিকা নিয়ে কাজকর্ম পুরোদমে চলার কারণে বিডিও তাঁদের বাড়ি যাওয়ার অনুমতি দেননি। তা সত্ত্বেও ওই দুই অফিসার ১৪আগস্ট বিকেলে বাড়ির উদ্দেশে রওনা দেন। জয়েন্ট বিডিওর বাড়ি গোয়ালতোড় থানা এলাকায়। পিডিওর বাড়ি পুরুলিয়ার রাঘমুণ্ডিতে। বিডিওর যুক্তি, জয়েন্ট বিডিও রিমাদেবী ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ এবং ‘দুয়ারে সরকার’ প্রোগ্রামের ব্লক নোডাল অফিসার। তাছাড়া পটাশপুর বিধানসভার অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার। পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার রামচন্দ্রবাবু আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকার প্রোগ্রামের অফিসার ইনচার্জ। সেইসঙ্গে পটাশপুর বিধানসভার অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার। তাঁদের অনুপস্থিতিতে উভয় কাজই ব্যাহত হচ্ছে। এনিয়েই ১৫আগস্ট স্বাধীনতা দিবসের দিনই থানায় গিয়ে দুই অফিসারের নামে মিসিং ডায়েরি করেন। সেই কপি রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের জয়েন্ট সেক্রেটারি, জয়েন্ট ডিরেক্টর, জেলাশাসক, মহকুমা শাসক সহ সব জায়গায় পাঠিয়ে দেন। সোশ্যাল মিডিয়ায় ওই কপি ভাইরাল হয়ে যায়। অনেকে নানা মন্তব্যও করেন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, সরকারি ছুটির দিনেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়েই কর্মস্থল ছাড়তে হয়। এরআগে আবাস প্লাসের কাজ চলাকালীন নন্দীগ্রাম-২ ব্লকের কো-অপারেটিভ ইন্সপেক্টর বিডিওকে না জানিয়ে কাশ্মীর বেড়াতে যান। ফিরে আসার পরই তাঁকে শোকজ করেন বিডিও সুপ্রতিম আচার্য। পটাশপুর-১ বিডিও স্বাধীনতা দিবস সহ টানা তিনদিনের ছুটিতে ওই দুই অফিসারকে কর্মস্থল না ছেড়ে যাওয়ার কথা বলেছিলেন। তা নিয়ে ঝামেলার জেরেই সরাসরি থানায় মিসিং ডায়েরি করেছিলেন বলে জানা গিয়েছে।



