Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিজেপি প্রধান সুতপা টিকাদারের বিরুদ্ধে এফআইআর বিডিওর

বিজেপি প্রধান সুতপা টিকাদারের বিরুদ্ধে এফআইআর বিডিওর
  • ২১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তেহট্ট: তেহট্ট-১ ব্লকের বিজেপি পরিচালিত ছিটকা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে নিকাশি নালা নির্মাণে আর্থিক তছরুপের অভিযোগ জমা পড়েছিল বিডিওর কাছে। লিখিতভাবে অভিযোগ জমা দিয়েছিলেন বিরোধী দলনেত্রী। সেই অভিযোগের ভিত্তিতে বিডিও তদন্ত করে ছিটকা গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান সুতপা টিকাদারের নামে থানায় লিখিত অভিযোগ করেন। সেই সঙ্গে ওই গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক ও সচিবের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। 

Advertisement

ছিটকা গ্রাম পঞ্চায়েত গত দু’টি পঞ্চায়েত নির্বাচনে বিজেপি জয়ী হয়েছে। এই গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান বিজেপির সুতপা টিকাদার। বিরোধী দলনেত্রী সাগরিকা মণ্ডল অভিযোগে জানিয়ে ছিলেন, ১৫ নম্বর সংসদে ১৩৬ নম্বর গভীর নলকুপে কৃষি নিকাশি নালা করার জন্য টেন্ডার করা হয়। সেই নিকাশি নালাটির মাপ ছিল ১৯৫ মিটার। ব্যয় ধরা হয়েছিল প্রায় তিন লক্ষ টাকা। এই কাজটি যে ঠিকাদার পান তিনি ৪২. ৮৫ শতাংশ কম টাকায় কাজটি করবেন বলেছিলেন। তাতে সম্পূর্ণ কাজটি হওয়ার কথা ছিল এক লক্ষ ৭১ হাজার ৪৫০ টাকায়। কিন্তু পরে দেখা যায়, সেই কাজটি মাত্র ১০৫ মিটার হয়েছে। সেই কাজের দরুণ ১৭ ডিসেম্বরে দুই লক্ষ ৯৭ হাজার ১৩৯ টাকা সেই ঠিকাদার তুলে নিয়েছেন। সাগরিকাদেবীর অভিযোগ, প্রথমত নিকাশি নালাটি ৯০ মিটার কম করা হয়েছে। ঠিকাদার কম টাকায় কাজ ধরেছেন। তাতে সম্পূর্ণ নিকাশি নালা করতে অনেক টাকা কম লাগার কথা। কিন্তু, পঞ্চায়েত ওই ঠিকাদারকে প্রায় তিন লক্ষ টাকা দিয়ে দিয়েছে। এটা চরম অনিয়ম।
এই অভিযোগ পেয়ে বিডিও তদন্ত শুরু করেন। এমনকী, বুধবার ওই গ্রাম পঞ্চায়েতে দুর্নীতি দমন শাখার এক আধিকারিক তদন্তে আসেন। এরপর সব কিছু খতিয়ে দেখে অভিযোগের সত্যতা খুঁজে পান। তারপরই প্রধানের নামে থানায় অভিযোগ জানান বিডিও। 
বিডিও সঞ্জীব সেন বলেন, অভিযোগ পেয়ে তদন্ত করা হয়। তাতে অভিযোগের সত্যতা মিলেছে। তাই প্রধানের বিরুদ্ধে থানায় এফআইআর করা হয়েছে। আর নির্মাণ সহায়ক ও সচিবের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।  এই বিষয়ে প্রধান সুতপা টিকাদারকে ফোন করা হয়। কিন্তু তাঁর ফোন বন্ধ থাকায় প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপে মেসেজ করলেও উত্তর দেননি। পুলিস জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। উপপ্রধান সৌরভ মণ্ডল বলেন, আইন আইনের পথে চলবে। এবিষয়ে আমাদের কিছু বলার নেই। 

Advertisement
সম্পর্কিত সংবাদ