Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বড়দিনের দুপুরে মেমারিতে বাড়িতে চুরি, পাকড়াও দুই

বড়দিনের দুপুরে মেমারিতে বাড়িতে চুরি, পাকড়াও দুই
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: গ্রিল ও আলমারির লক ভেঙে বাড়ি থেকে সোনার গয়না, কাঁসার বাসনপত্র ও টাকা চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করল মেমারি থানার পুলিস। ধৃতদের নাম শেখ ফিরোজ ওরফে লালচাঁদ ও শেখ আলম। হুগলির পাণ্ডুয়ায় ধৃতদের বাড়ি। 
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, মেমারি থানার কাশিয়াড়ার বাসিন্দা হীরালাল ঘোষ বড়দিনের দুপুরে স্ত্রীকে নিয়ে পাশের পাড়ায় ছোট ভাইয়ের বাড়িতে তাঁর ছেলের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। ঘর তালাবন্ধ অবস্থায় ছিল। খাওয়া-দাওয়া সেরে তিনি বাড়ি থেকে কিছুটা দূরে জমিতে জল দিতে যান। তাঁর স্ত্রী বাড়ি ফিরে আসেন। হঠাৎ চিৎকার-চেঁচামেচি শুনে তিনি দৌড়ে বাড়িতে যান। সেখানে গিয়ে দেখেন, তাঁর বাড়ির সামনে অনেক লোকজন জড়ো হয়েছে। ঘরের ভিতরে ঢুকে তিনি দেখেন, জিনিসপত্র লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে। তাঁর স্ত্রী কান্নাকাটি করছে। তিনি জানতে পারেন, ঘরের বারান্দার গ্রিল ভেঙে ভিতরে ঢুকে আলমারির লক ভেঙে তাতে থাকা সোনার গয়না ও ২২ হাজার টাকা এবং ঘরের সমস্ত কাঁসার বাসনপত্র নিয়ে পালিয়েছে চোরে। চুরির বিষয়টি গ্রামে ও তার আশপাশ এলাকায় ছড়িয়ে পড়ে। ঘটনার বেশ কিছুক্ষণ পর মেমারি থানারই ইছাবাছা মোড়ের কাছে তিন যুবককে রাস্তার পাশে বসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাদের কাছে তিনটি বস্তা ছিল। তাদের গতিবিধি দেখে সন্দেহ হয় বাসিন্দাদের। তাঁরা দু’জনকে ধরে ফেলেন। অপরজন পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে হীরালালের বাড়ি থেকে চুরির কথা তারা স্বীকার করে। বস্তায় চুরির বাসনপত্র ছিল। স্থানীয় বাসিন্দারা দু’জনকে আটকে রেখে মারধর করেন। খবর পেয়ে পুলিস গিয়ে তাদের থানায় ধরে নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে তারা চুরির কথা স্বীকার করে বলে পুলিসের দাবি। কাঁসার বাসনপত্র ছাড়াও একটি লোহার রড ও স্ক্রু-ড্রাইভার ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিস। পরে ঘটনার বিষয়ে হীরালাল থানায় অভিযোগ দায়ের করেন। ধৃতদের বৃহস্পতিবার বর্ধমান আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দেন সিজেএম।
সম্পর্কিত সংবাদ