সংবাদদাতা, কালনা: রাত পোহালেই বুধবার বড়দিন। কালনা শহরের জাপট মিশন পাড়ায় বড়দিন উপলক্ষ্যে সেজে উঠেছে দু’শো বছরের প্রাচীন গির্জা। প্রভু যীশুর নানান চিত্র দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রার্থনাস্থল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৮২৫ সাল নাগাদ কালনা শহরের জাপট মিশন এলাকায় ইউনাইটেড চার্চ অব স্কটল্যান্ডের উদ্যোগে নির্মিত হয় একটি গির্জা। কাঠের খিলানের উপর টিনের আচ্ছাদন দেওয়া গির্জাটির আজ ভগ্নদশা। গির্জার প্রার্থনা সভাস্থলে রয়েছে প্রাচীন কিছু চেয়ার, টেবিল ও আসবাবপত্র। ১৯৯৪ সালে মাদার টেরিজা তৎকালীন বিডিওকে কালনার গির্জাটি রক্ষণাবেক্ষণের জন্য একটি চিঠি দিয়েছিলেন বলে জানা যায়। বছরভর বিশেষ বিশেষ দিনে গির্জায় প্রার্থনা হলেও বড়দিন ও নতুন বছরের শুরুতে গির্জা সেজে ওঠে। প্রর্থানা করতে বহু খ্রিস্ট ধর্মাবলম্বীরা হাজির হন। তাঁরা চান সরকারি উদ্যোগে গির্জাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হোক। গির্জার পরিচালন কমিটির সম্পাদক প্রবীণ সমরেন্দ্রকুমার মণ্ডল বলেন, গির্জাটি দু’শো বছরের প্রাচীন। বর্তমানে গির্জাটি ভগ্নদশায় পরিণত হয়েছে। ভবনের দেওয়ালের পলেস্তারা ও ইট খসে পড়ছে। টিনের আচ্ছাদন দিয়ে জল পড়ে। সংস্কার খুবই জরুরি।



