Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বড়দিন থেকেই শহর মুড়বে আলোকসজ্জায়

বড়দিন থেকেই শহর মুড়বে আলোকসজ্জায়
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ পুরসভার তিন দিনের কার্নিভালের স্থান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। শহরের মহানন্দা শক্তি সঙ্ঘ অর্থাৎ তাঁতিপাড়ার মাঠে জমজমাট কার্নিভালের অনুষ্ঠান হবে। শুধু তাই নয়, সেখানে একদিনের জন্য মেলা বসানো হবে। মেলায় খাবার ও হস্তশিল্পের স্টল থাকবে। ৩০ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় কার্নিভালের সূচনা হবে। ওইদিন মালদহ জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিক সহ বিশিষ্টদের আমন্ত্রণ জানানো হবে। সূচনার দিন সহ ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি সন্ধ্যা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সেখানে স্থানীয় শিল্পীদের সুযোগ দেওয়া হবে। এছাড়াও মঞ্চ মাতাতে আসছেন সঙ্গীত শিল্পী অনুষ্কা পাত্র, রক্তিম চৌধুরী, জ্যোতি শর্মা এবং বলিউড শিল্পী ইয়াশির দেশাই। এদিকে, বড়দিন থেকে বর্ষবরণ পর্যন্ত পুরাতন মালদহ শহরের বিভিন্ন এলাকায় চন্দনগরের আলোকসজ্জা দিয়ে সাজানো হবে। নালাগোলা রাজ্য সড়কের বুলবুলচণ্ডী মোড় থেকে সদরঘাট, পুরনো জাতীয় সড়ক জুড়ে আলোকসজ্জার তোরণ থাকবে। পাশাপাশি মঙ্গলবাড়ি এবং পুরসভা ভবন এলাকাতেও আলো দিয়ে মুড়ে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে। পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, বছর শেষে এবারও আমাদের কার্নিভাল হচ্ছে। শহরের তাঁতিপাড়ার মাঠে ৩০ ডিসেম্বর থেকে কার্নিভাল শুরু হচ্ছে। ১ জানুয়ারি পর্যন্ত চলবে। এবারে আমাদের বাজেট আনুমানিক ৮ লক্ষ টাকা। অনুষ্ঠানের খরচ জোগাড়ে বিজ্ঞাপন এবং শুভানুধ্যায়ীরা সহযোগিতা করেন।  উল্লেখ্য, ২০২১ সাল থেকে পুরাতন মালদহ শহরের কার্নিভাল শুরু হয়েছে। প্রথম বছর শহরের প্রাণকেন্দ্র মঙ্গলবাড়িতে অনুষ্ঠানে ব্যাপক সাড়া পড়ে। ওই বছর পুরসভার ১৫০ বছর উদযাপন হয়। তারপরের বছর একই জায়গায় কার্নিভাল হয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ