নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বুধবার বড়দিনে পূর্ব বর্ধমান জেলাজুড়ে বিভিন্ন পযর্টন কেন্দ্রে ভিড় জমালেন বহু মানুষ। জমিয়ে চলল পিকনিকও। বর্ধমান শহর লাগোয়া সদরঘাটে দামোদরের পাড়ে বহু মানুষ আনন্দে মাতেন। শহরের তারামণ্ডল পার্কেও পিকনিক চলে। সায়েন্স সেন্টার, রমনাবাগান জুলজিক্যাল পার্কে ব্যাপক ভিড় দেখা যায়। ছোটরা আনন্দে মেতে ওঠে। তবে এদিন সদরঘাটে চারদিকে আবর্জনা ছড়িয়ে থাকায় সমস্যা হয়। নিজেরাই আবর্জনা সরিয়ে পিকনিকের আসর বসান অনেকে। দামোদর নদ লাগোয়া সদরঘাটে সৌন্দর্যায়ন ও প্রশাসনের পক্ষ থেকে নজরদারির দাবি তুলেছেন অনেকে। সেইসঙ্গে এলাকা পরিষ্কার রাখতে ডাস্টবিন বসানোর দাবি তোলা হয়েছে। বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ সরকার বলেন, ওই এলাকা ঘিরে একাধিক পরিকল্পনা রয়েছে। দামোদরে বোটিং করা যায় কিনা তা নিয়েও বৈঠক হয়েছে। ওই এলাকার কিছু অংশ পঞ্চায়েত এলাকা। যৌথভাবে ওই এলাকা সাজানো হবে।
Advertisement
বর্ষায় দামোদরের জলস্তর উপরের দিকে থাকলেও শীতের মরশুমে নেমে যায়। সদরঘাটের দামোদরের পাড়েই প্রতিবছর পিকনিকের আসর বসে। অভিযোগ, সেই পিকনিক স্পট সহ সংলগ্ন এলাকা বছরভর আবর্জনায় ঢেকে থাকে। চারদিকে কাগজের প্লেট, প্লাস্টিকের গ্লাস সর্বত্র ছড়িয়ে পড়ে থাকছে। এদিন পিকনিকে আসা বড়নীলপুরের বাসিন্দা শেফালি কুণ্ডু বলেন, চতুর্দিকে আবর্জনা ছড়িয়ে আছে। দেখতে খুব খারাপ লাগছে। এজন্য সাধারণ মানুষই দায়ী। পরিবেশ বাঁচাতে আমাদের সচেতন হতে হবে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পিকনিকের মরশুমে নজরদারি চালালে ভালো হয়। বর্ধমান শহরের বাসিন্দা পিনাকী ঘোষ বলেন, চারদিকে নোংরা। তা নিজেরাই পরিষ্কার করে পিকনিকের আয়োজন করছি। এই এলাকা পরিষ্কার রাখতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ডাস্টবিন বসালে খুব ভালো হয়। তাহলে হয়তো যেখানে সেখানে আবর্জনা ফেলা বন্ধ হবে।



