সংবাদদাতা, ঘাটাল: বড়দিনে ঘাটাল মহকুমার পার্কগুলিতে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য বিশেষ পুলিসি পাহারার ব্যবস্থা করা হচ্ছে। প্রত্যেকটি পার্কেই পর্যাপ্ত পুলিস রাখা হবে বলে মহকুমার তিনটি থানা সূত্রে জানানো হয়েছে। সেইসঙ্গে কোনও পিকনিক স্পটেই নেশা জাতীয় দ্রব্য নিয়ে প্রবেশ করা যাবে না বলে পুলিসের পক্ষ থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। বড়দিনে মহকুমার মধ্যে সবচাইতে বেশি ভিড় হয় দাসপুর থানার দুধকোমরার ত্রিবেণী পার্কে। ওখানে প্রত্যেক বছর বড়দিনে বেশ কয়েক হাজার মানুষের বনভোজন করতে যান। দ্বিতীয় স্থানে রয়েছে চন্দ্রকোণা থানার মাংরুলের ইকো ট্যুরিজম পার্ক। ওখানেও ভিড়ের সংখ্যা বেশ কয়েক হাজার ছাড়িয়ে যায়। ওই দুটি পার্ক ছাড়াও ঘাটাল শহর লাগোয়া হরিসিংহপুরে ঘাটাল পঞ্চায়েত সমিতি নিয়ন্ত্রিত পার্ক, দাসপুর গঞ্জ লাগোয়া শহিদ প্রদ্যোৎ শিশু উদ্যান, ক্ষীরপাই শহরের বড়মা কালী মন্দির সংলগ্ন পিকনিক স্পট, চন্দ্রকোণা-২ ব্লকের বেশ কয়েকটি পার্ক রয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, দাসপুরের শহিদ প্রদ্যোৎ পার্ক এবং ক্ষীরপাই বড়মা মন্দির সংলগ্ন পিকনিক স্পটে প্রায়ই বনভোজনকারীদের নিজেদের মধ্যে গণ্ডগোল হয়। বিগত কয়েক বছরে গণ্ডগোলের জেরে কয়েক জনকে আটকও করা হয়েছিল।
Advertisement
তাই এবার কোনও পিকনিক স্পটেই যাতে কোনও অঘটন না ঘটে তার জন্য বড়দিনের সকাল থেকেই প্রত্যেকটি পিকনিক স্পটে পুলিসের পাশাপাশি সিভিক ভলান্টিয়ারদেরও মোতায়েন করা রাখা হবে। নেশা জাতীয় কোনও কিছু নিয়ে কোনও পিকনিক স্পটে যাতে কেউ প্রবেশ না করতে পারে তা নিয়েও পুলিস কড়া নজরদারি চালাবে।



