সংবাদদাতা, শিলিগুড়ি: বদলি হলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের প্রধান করণিক উৎপল সরকার। কলেজ সূত্রে জানা গিয়েছে, বুধবার তাঁর বদলির নির্দেশ এসেছে। তাঁকে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে কাজে যোগ দিতে হবে। উৎপল সরকারের বদলির নির্দেশিকা পৌঁছনোর পর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্মীদের একাংশের মধ্যে গুঞ্জণ শুরু হয়েছে।
Advertisement
কেউ কেউ মনে করছেন, হাসপাতালের পুরনো ‘তিন প্রভাশালী’ কর্মীর বিরুদ্ধে হুমকির অভিযোগ নিয়ে বিচারের দাবিতে প্রিন্সিপালের ঘরের সামনে অনশনে বসেছিলেন উৎপল সরকার। সেই ঘটনার জেরে তাঁকে বদলি করা হয়ে থাকতে পারে। যদিও উৎপল সরকার এ নিয়ে কোনও মন্তব্য করেননি। তিনি বলেন, আমি বাইরে রয়েছি। আমার বদলির চিঠি এসেছে খবর পেয়েছি। শিলিগুড়িতে ফিরে সবকিছু খোঁজ নিয়ে যা বলার বলব। উৎপল সরকারকে বদলি করে অন্য জায়গা থেকে দু’জনকে আনা হচ্ছে এখানে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁদের একজন নদীয়ার বেথুয়াডহরি থেকে আসছেন।



