Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বধূর মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ

বধূর মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ফালাকাটা: সন্তান প্রসবের পর মায়ের কোমর থেকে শরীরজুড়ে ব্যথা। পরবর্তীতে মায়ের মৃত্যু। ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে অভিযোগ তুলে সরব হলেন মৃতার পরিজনরা। হাসপাতাল সুপারকে লিখিতভাবে ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন প্রসূতির স্বামী রবি বর্মন। 
Advertisement
মঙ্গলবার মৃতার স্বামী বলেন, ২৫ নভেম্বর স্ত্রী তনুজা বর্মনের প্রসবযন্ত্রণা উঠায় ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করি। চিকিৎসক সিজার করেন। পুত্রসন্তান হয়। সন্তান জন্ম দেওয়ার কিছু সময় পরে তনুজার কোমর, শিরদাঁড়া সহ গোটা শরীরে তীব্র যন্ত্রণা শুরু হয়। কর্তব্যরত চিকিৎসকরা স্ত্রীকে পরের দিন ২৬ নভেম্বর উত্তরবঙ্গ মেডিক্যালে রেফার করেন। সেখানে নিয়ে গেলে আরও অবস্থার অবনতি হয়। প্রথমে আইসিইউতে পরে ভেন্টিলেশনে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১০ ডিসেম্বর তনুজা মারা যায়। পরে মেডিক্যাল থেকে জানতে পারি সিজার টেবিল থেকে ইনফেকশন হওয়ার কারণে এমন সমস্যা হয়েছিল। আমাদের বিশ্বাস, চিকিৎসায় গাফিলতি বা রিপোর্টে গাফিলতির জেরে সঠিক চিকিৎসা না হওয়াতেই এমন ঘটনা ঘটছে। সন্তান সুস্থ থাকলেও স্ত্রীকে হারিয়েছি। এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। 
যদিও পরিবারের দাবিকে মানতে নারাজ সুপার স্পেশালিটির সুপার ডাঃ শুভাশিস শী। তিনি বলেন, ওই দিন একইসঙ্গে আরও কয়েকটি সিজার হয়েছে। বাকিরা সুস্থ আছেন। অনেক সময় আগে থেকে কিছু বোঝা যায় না। অপারেশনের পর ধরা পড়ে। এক্ষেত্রে একই রকম হয়েছে। বিষয়টি জানার পর আমরা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সঙ্গে যোগাযোগ করি। সেখানকার চিকিৎসকদের পরামর্শে মেডিক্যাল বোর্ড বসানো হয়েছিল। দেরি না করে মেডিক্যালে রেফার করি। মেডিক্যাল কলেজের রিপোর্ট এলে গোটা বিষয়টি জানা যাবে। মৃতার পরিবারের দাবি, ভবিষ্যতে যাতে এমন ঘটনা অন্য কারও সঙ্গে না হয় সেই প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষের নজরে বিষয়টি এনেছি।
সম্পর্কিত সংবাদ