Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাঁধের দাবিতে সরব গয়েরকাটা চা বাগানের শ্রমিকরা

বাঁধের দাবিতে সরব গয়েরকাটা চা বাগানের শ্রমিকরা
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: আংরাভাসা নদীর গ্রাস থেকে বাঁচতে বাঁধের দাবিতে সরব গয়েরকাটা চা বাগানের শ্রমিকরা। শীতে জল না থাকলেও বর্ষা এলেই ভয়ঙ্কর রূপ নেয় ওই নদী। ইতিমধ্যেই গয়েরকাটা চা বাগানের ১৪টি ঘর আংরাভাসা নদীর গর্ভে তলিয়ে গিয়েছে। বাসিন্দাদের বক্তব্য, নদী ভাঙন রুখতে কিছুটা এলাকায় বাঁধ নির্মাণ হলেও এখনও অনেকটা কাজ বাকি। তৃণমূলের চা শ্রমিক সংগঠনের গয়েরকাটার সভাপতি বিরাজ লাকরা বলেন, আংরাভাসা নদীর ভাঙন নিয়ে আমরা সত্যিই উদ্বিগ্ন। বর্ষা এলেই নদী যেভাবে রুদ্র মূর্তি ধারণ করে, তাতে বাঁধ না হলে চা বাগানের শ্রমিকদের ঘরগুলি রক্ষা করা মুশকিল। সবচেয়ে খারাপ অবস্থা গয়েরকাটা চা বাগানের বিঘা লাইনের। গত বর্ষায় কয়েকটি ঘর নদীর গর্ভে চলে গিয়েছে। বাঁধের বিষয়টি দলের পাশাপাশি প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েছি। ১৮ ডিসেম্বর মাদারিহাটের নব নির্বাচিত বিধায়ক জয়প্রকাশ টোপ্পোর গয়েরকাটায় আসার কথা। তাঁকেও বিষয়টি জানানো হবে। আংরাভাসা নদীর ভাঙন থেকে চা শ্রমিকদের ঘর বাঁচাতে যে বাঁধের দরকার তা স্বীকার করে নিয়েছেন জলপাইগুড়ি জেলা পরিষদের সহকারি সভাধিপতি সীমা চৌধুরী। তিনি বলেন, কিছুটা এলাকায় বাঁধের কাজ হয়েছে। বাকিটাও যাতে হয়, সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ