নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: লোকসভা ভোটের মতো বিধানসভাতেও মহিলা ভোট নির্ণায়কের ভূমিকা নেবে। মুর্শিদাবাদ জেলার মহিলা সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য আগামীর পরিকল্পনা বাতলে দিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সোমবার বহরমপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত তৃণমূলের মহিলা সংগঠনের জেলা সম্মেলন হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা তৃণমূলের সাধারণ সম্পাদিকা নীলা মুন্সি, সাংসদ আবু তাহের খান, তৃণমূলের জেলা সভাপতি অপূর্ব সরকার, চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী প্রমুখ। এদিন জেলার ২৬টি ব্লক থেকে মহিলা ছাড়াও বিভিন্ন শাখা সংগঠনের নেতারাও হাজির ছিলেন।
Advertisement
নীলাদেবী বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যের মহিলারা বর্তমানে সুরক্ষিত ও স্বনির্ভর। বর্তমানে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী সহ একাধিক জনমুখী প্রকল্প রয়েছে মহিলাদের জন্য। যার ফলে উপকৃত হয়েছেন রাজ্যের মহিলারা। অপূর্ববাবু বলেন, একটি রাজনৈতিক দল তার নেতা-কর্মীদের মিলনের মধ্য দিয়ে রাজনৈতিক বার্তা দেয়। তৃণমূল কংগ্রেস একের পর এক কর্মসূচি করছে। রাজ্যের সর্বত্র প্রত্যেকটি শাখা সংগঠনের তরফে জেলা সম্মেলন হচ্ছে। যেহেতু পরীক্ষা চলছে, তাই আমরা অডিটোরিয়াম নিয়ে এই সম্মেলন করলাম। বর্তমানে ৩৬৫ দিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের কথা ভাবছেন। যার ফলে নতুন করে মহিলাদের কথা আজ আর বলার নেই। আজ জেলার ২৬টি ব্লকের বিভিন্ন মহিলারা উপস্থিত হতে পেরেছেন। মহিলারা আগামীতে আরও জনসংযোগ বাড়াবে।



