Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিধায়ককে নিয়ে ভুয়ো খবর, নবদ্বীপে ধৃত ১  

বিধায়ককে নিয়ে ভুয়ো খবর, নবদ্বীপে ধৃত ১  
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপের তৃণমূল বিধায়কের স্বাস্থ্য সংক্রান্ত ভুয়ো খবর ফেসবুকের মাধ্যমে ছড়ানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিস। বৃহস্পতিবার সকালে ওই ব্যক্তিকে বাঁশবাগান তুড়াপাড়া লেন থেকে গ্রেপ্তার করা হয়। ধৃত ব্যক্তির নাম জয়দেব সাহা। এবিষয়ে তৃণমূল দলের এক সক্রিয় কর্মী রাজদীপ চট্টোপাধ্যায় গত সোমবার নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ করেন। উল্লেখ্য, গত ১১ নভেম্বর নবদ্বীপের ঐতিহ্যপূর্ণ রাস উৎসবের আগে এক মাদক বিরোধী পদযাত্রা হয়। সেই পদযাত্রায় ছাত্রছাত্রীদের সঙ্গে নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা ও পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা সহ প্রশাসনিক আধিকারিকরা ছিলেন। পদযাত্রা চলাকালীন স্থানীয় রাধাবাজারের কাছে বিধায়ক পা পিছলে পড়ে যান। আহত অবস্থায় সেদিন বিধায়ককে চিকিৎসার জন্য নবদ্বীপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য বিধায়ককে কলকাতাতে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিনি সুস্থ ও ভালো আছেন। গত ২৫ বছর ধরে পুণ্ডরীকাক্ষবাবু বিধায়ক রয়েছেন। নবদ্বীপের ঐতিহ্যপূর্ণ রাস উৎসবের আগে তাঁর অনুপস্থিতিতে নবদ্বীপের মানুষ আবেগ তাড়িত হয়ে পড়েন। সকলেই তাঁর সুস্বাস্থ্য এবং দ্রুত আরোগ্য কামনায় খোঁজখবর নিতে থাকেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় গত ১৬ নভেম্বর নবদ্বীপের জয়দেব সাহা নামে এক ব্যক্তি ‘বিধায়ক মারা গিয়েছেন’ বলে সমাজমাধ্যমে পোস্ট করেন। এতে নবদ্বীপের এক অশান্তির পরিবেশ শুরু হয়। এই পরিস্থিতিতে বেশ কিছু বিরোধী নেতা খবরটি নানাভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। পরে নবদ্বীপে অশান্তি ও বিশৃঙ্খলা শুরু হয়। এই ধরনের মিথ্যা ভুয়ো খবর ছড়ানোর জন্য দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে পুলিসের দ্বারস্থ হন তৃণমূল কর্মী রাজদীপ। এরপরই পুলিস অভিযুক্ত জয়দেবকে গ্রেপ্তার করে।
Advertisement
সম্পর্কিত সংবাদ