Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিধায়ক তহবিলের ৬০ লক্ষ টাকা খরচ হবে মেদিনীপুরের পুর পরিষেবায়

বিধায়ক তহবিলের ৬০ লক্ষ টাকা খরচ হবে মেদিনীপুরের পুর পরিষেবায়
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: বিধায়ক তহবিলের ৬০লক্ষ টাকা ব্যয়ে মেদিনীপুর পুরসভা এলাকায় নানা উন্নয়নমূলক প্রকল্পের কাজ হবে। ইতিমধ্যেই পুরসভার কাউন্সিলারদের উন্নয়নমূলক স্কিম জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এনিয়ে বৈঠকও হয়েছে। প্রশাসনের আধিকারিকরা জানাচ্ছেন, বহু মানুষ যাতে উপকৃত হন তেমন স্কিম জমা দিতে বলা হয়েছে। পুরসভা এলাকার ১৫টি ওয়ার্ডে গড়ে পাঁচ লক্ষ টাকার কাজ হবে। বিধায়কের সিদ্ধান্তে খুশি পুরসভার বাসিন্দারা। বিধায়ক সুজয় হাজরা বলেন, মানুষকে পরিষেবা দেওয়া আমাদের প্রধান লক্ষ্য। পুরসভা এলাকায় পরিকল্পনামাফিক নানা কাজ করতে হবে। প্রথম পর্যায়ে শহরে তহবিলের ৬০লক্ষ টাকা খরচ হবে। একইসঙ্গে জেলা পরিষদ গ্রামীণ এলাকায় কাজ করবে। দ্রুত কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। ধাপে ধাপে প্রতিটি এলাকায় মানুষকে পরিষেবা দেওয়া হবে। 
Advertisement
মাসখানেক আগে মেদিনীপুর বিধানসভার উপনির্বাচন হয়েছে। বিপুল ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সুজয়বাবু। মেদিনীপুর পুরসভার বেশকিছু এলাকায় রাস্তা, নিকাশি নালার সমস্যা রয়েছে। এনিয়ে ক্ষোভ রয়েছে সাধারণ মানুষের মধ্যে। যার প্রভাব পড়েছে গত নির্বাচনগুলিতে। সদ্য হওয়া উপ নির্বাচনেও সাতটি ওয়ার্ডে পিছিয়ে রয়েছে শাসকদল। সেকারণে পুরসভা এলাকায় দ্রুত মানুষের সমস্যার সমাধান করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে মত রাজনৈতিক মহলের। জানা গিয়েছে, ইতিমধ্যেই বিধায়কের কাছে শহরের মণ্ডলমাঠ নিয়ে নানা অভিযোগ জমা পড়েছে। অভিযোগ, ওই মাঠে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। এর ফলে নিরাপত্তার ঘাটতি রয়েছে। এলাকায় নানা অসামাজিক কার্যকলাপ চলছে। দ্রুত মাঠের পাশে আলো লাগানোর পরিকল্পনা করা হয়েছে। এক বাসিন্দা বলেন, কিছু এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে। বহু এলাকায় আর্বজনা পরিষ্কার হয় না।
সম্পর্কিত সংবাদ